ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের কিছু সিদ্ধান্ত নিয়ে স¤প্রতি সংবাদ মাধ্যমে সমালোচনা ও নেতিবাচক সংবাদ প্রকাশের মধ্যে নিজেই টেলিভিশন চ্যানেল ও পত্রিকা বের করার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
শনিবার কলকাতায় এক সমাবেশে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা এ ঘোষণা দেন বলে জানায় এনডিটিভি।
তিনি বলেন, “কতোগুলো ভালো কাজ করা হলো তা কোনো বিষয় নয় এবং সেগুলো সঠিকভাবে প্রচার করা হয় না। তার বদলে নেতিবাচকভাবে তা প্রচার করা হয়। আপনারা সারাদিন কাজ করেন, তারপর তার কোনো ফল আসে না-এটা আমি জানি। তাই আমি মনে করি আমাদের নিজেদেরই ভালো কিছু করতে হবে এবং সেকারণে পশ্চিমবঙ্গে কী কাজ হয়েছে সেগুলো দেখাতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।”
“জনগণকে তথ্য জানাতে আমাদের নিজেদের টেলিভিশন চ্যানেল ও পত্রিকা দরকার।”
কলকাতায় বস্তি উচ্ছেদের প্রতিবাদ করার অভিযোগে স¤প্রতি এক অণুজীববিজ্ঞানী ও অধ্যাপক পার্থ সারথী রায়কে গ্রেপ্তার করা হলে রাজ্যজুড়ে তার প্রতিবাদ শুরু হয়। সংবাদমাধ্যমে ওই ঘটনার প্রচারে ক্ষুব্ধ হয়ে এদিন গণমাধ্যমের সমালোচনা করেন মমতা।
এর আগে ইন্টারনেটে মুখ্যমন্ত্রীর ব্যঙ্গচিত্র প্রকাশের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে গ্রেপ্তার করা হয়। এ নিয়েও ব্যাপক সমালোচনার মুখে পড়ে মমতার সরকার। পরে অবশ্য জামিনে মুক্তি পান ওই অধ্যাপক।
অবশ্য সংবাদমাধ্যমের প্রতি মমতার ক্ষোভের প্রকাশ এটাই প্রথমবারের মতো নয়। এরআগে রাজ্যের সব সরকারি পাঠাগারে পশ্চিমবঙ্গে বহুলপঠিত সংবাদপত্র আনন্দবাজার ও সব ইংরেজি পত্রিকা রাখা নিষিদ্ধ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/এএইচ/০০৪৪ ঘ.
bdnews24