২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বিমান বিধ্বস্ত, নিহত ১২৭

করাচি থেকে ইসলামাবাদগামী উড়োজাহাজটি শুক্রবার সন্ধ্যায় খারাপ আবহাওয়ায় পড়ে চাকলালা বিমান ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 03:36 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে এর ১২৭ আরোহী নিহত হয়েছে। করাচি থেকে ইসলামাবাদগামী উড়োজাহাজটি শুক্রবার সন্ধ্যায় খারাপ আবহাওয়ায় পড়ে চাকলালা বিমান ঘাঁটির কাছে বিধ্বস্ত হয় বলে সংবাদ সংস্থাগুলো জানিয়েছে। পাকিস্তানি দৈনিক ডন দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১২৭। দুর্ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তা ফজলে আকবর বলেন, “বিমানটি খণ্ড-বিখণ্ড হয়ে গেছে। কারো বেঁচে থাকাটা হবে অলৌকিক ব্যাপার।” বিবিসি জানিয়েছে, ভোজা এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে ১১৮ জন যাত্রী এবং নয় জন ক্রু ছিলেন। ডন জানিয়েছে, ইসলামাবাদ পৌঁছার আগে রাওয়ালপিণ্ডির চাকলালা বিমান ঘাঁটির কাছে বাহরিয়া শহরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এটি পাকিস্তান সময় বিকাল ৫টায় করাচি বিমানবন্দর ছাড়ে, সন্ধ্যা পৌনে ৭টায় এর ইসলামাবাদ পৌঁছার কথা ছিল। ডন জানিয়েছে, বিমানটি যখন বিধ্বস্ত হয়ে তখন ওই এলাকায় প্রবল বর্ষণ হচ্ছিল, বিদ্যুৎও চমকাচ্ছিল। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও সে দেশের বেসামরিক বিমান কর্তৃপক্ষের ধারণা, বজ্রপাত এর কারণ হতে পারে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ শুরু করেছে, তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া কারণে তাদের বেগ পেতে হচ্ছে বলে স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা সাইফুর রহমান জিও টিভিকে বলেন, “যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখান থেকে ধোঁয়া উড়ছে। পুরো বিমানটিই বিধ্বস্ত হয়ে গেছে।” বিধ্বস্ত হওয়ার পরপরই স্থানীয় লোকজন টর্চ লাইট নিয়ে উদ্ধার কাজে নেমে পড়ে বলে পুলিশ জানায়। এদিকে দুর্ঘটনার খবর পেয়েই ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির হাসপাতালগুলোকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/২১৩৯ ঘ.