ওয়াশিংটন, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ছয় মাস বাকি আছে। তবে নির্বাচন যত এগিয়ে আসছে দুই পক্ষের লড়াই ততটাই হাড্ডাহাড্ডিতে রূপ নিতে যাচ্ছে। আর এই বিষয়টিই ফলাফলকে অনিশ্চিত করে তুলছে।
বর্তমান প্রেসিডেন্ট ডেমোক্র্যাট দলীয় বারাক ওবামা জনপ্রিয়তায় এখনও এগিয়ে রয়েছেন। জরিপের ফলাফলে রিপাবলিকান মিট রমনির চেয়ে খুব বেশি এগিয়ে না থাকায় ওবামার অবস্থান ততটা শক্ত বলেও ভাবা যাচ্ছে না।
চলতি বছর ৬ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের কথা রয়েছে।
এখনও পর্যন্ত করা জরিপগুলোতে যুক্তরাষ্ট্রের তিন-চতুর্থাংশ ভোটার অর্থনীতিকেই নির্বাচনের প্রধান ইস্যু বলে মনে করছেন। স¤প্রতি এবিসি ও ওয়াশিংটন পোস্টের এক জরিপে দেখা গেছে, অর্থনীতির ক্ষেত্রে বেশিরভাগ ভোটারই ওবামার চেয়ে রমনির ওপর বেশি ভরসা করছেন।
কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপকারী পিটার ব্রাউন বলেন, “বেশিরভাগ মার্কিনিই মনে করেন চার বছর আগের চেয়ে তারা বাজে অবস্থানে রয়েছেন। আর এটা কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টই দেখতে পারেন না।”
তিনি আরো বলেন, “এবারের নির্বাচন ২০০৮ এর মতো না হয়ে ২০০৪ এর মতো হতে পারে। ২০০৪ এর নির্বাচন ছিল ইরাক যুদ্ধের ওপর গণভোট। আর এবারের নির্বাচন হবে অর্থনীতির ওপর গণভোট।”
ইরাক যুদ্ধের পর ২০০৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাট জন কেরির সঙ্গে খুবই অল্প ব্যবধানে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন জর্জ ডব্লি¬উ বুশ।
এদিকে রিপাবলিকান দলের সম্ভাব্যপ্রার্থী ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনি মতামত জরিপে একটু একটু করে এগিয়ে চলেছেন। প্রতিদ্বন্দ্বী রিক স্যান্টোরাম গত সপ্তাহে তার প্রচারাভিযান বন্ধ করে দেয়ায় রমনির মনোনয়ন পাওয়ার পথও পরিষ্কার হয়ে গেছে।
সর্বশেষ ইপসোস/রয়টার্স জরিপে ওবামার চেয়ে মাত্র ৪ পয়েন্টে পিছিয়ে রয়েছেন রমনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৪০ ঘ.
bdnews24