ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভারত পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূর পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) অগ্নি-৫ পরীক্ষা পিছিয়ে দিয়েছে।
উড়িষ্যা রাজ্য থেকে স্থানীয়ভাবে নির্মিত ‘অগ্নি-৫’ নামের এ ক্ষেপণাস্ত্র বুধবারেই উৎক্ষেপণ করা হবে বলে জানানো হয়েছিলো।
কিন্তু পরে ভারতের প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, উৎক্ষেপস্থলের আবহাওয়া খারাপ থাকার কারণে এ পরীক্ষা বৃহস্পতিবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।
ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনের (ডিআরডিও) মুখপাত্র রবি গুপ্ত বিবিসি’কে বলেন, “ওই অঞ্চলে প্রচণ্ড বিদ্যুৎ চমকানোর কারণে নিরাপত্তার কথা চিন্তা করে অগ্নি-৫ এর উৎক্ষেপণ পিছিয়ে দেওয়া হয়েছে।”
ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৫ হাজার কিলোমিটারেরও (৩,১০০ মাইল) বেশি, লম্বায় ১৭ দশমিক ৫ মিটার।
এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং সামরিক সক্ষমতায় বড় ধরনের অগ্রগামী পদক্ষেপ।
ভারত এর আগে ২০১০ সালে অগ্নি-২ নামের মাঝারি পাল্লার (২ হাজার কিলোমিটারের বেশি) ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়।
আর গত বছর নভেম্বরে ভারত সফল পরীক্ষা চালায় ৩ হাজার ৫শ’ কিলোমিটার পাল্লার অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের। এ ক্ষেপণাস্ত্রগুলো ভারতের অন্যতম সর্বাধুনিক অস্ত্র।
অগ্নি-৫ এর মতো দীর্ঘ পাল্লার (আইসিবিএম) ক্ষেপণাস্ত্র শুধু চীন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের রয়েছে। তাছাড়া ইসরায়েলও এ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে ধারণা করা হয়ে থাকে।
এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার দিনটি ভারতে ‘ঐতিহাসিক দিন’ হয়ে থাকবে বলে ‘দ্য হিন্দু’ পত্রিকায় মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টোনির বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা ভিকে সরস্বত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১০৭ঘ.
bdnews24