ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে এক মোরগ লড়াইয়ের মাঠে গ্রেনেড বিস্ফোরণে তিনজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছে।
ফিলিপাইনের উত্তর ক্যাটোব্যাটো প্রদেশের আলিওস্যান শহরে রোববার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
পুলিশ জানায়, জনাকীর্ণ মোরগ লড়াইয়ের মাঠ লক্ষ্য করে এক ব্যক্তি গ্রেনেডটি ছুড়ে মারে। ব্যক্তিগত প্রতিহিংসার বশেই গ্রেনেড নিক্ষেপ করা হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
“আমরা ধারণা করছি, সন্দেহভাজন আগের মোরগ লড়াইয়ে হেরে প্রতিশোধ নেওয়ার মানসে এ কাজ করেছে,” বলেন, প্রাদেশিক পুলিশ প্রধান কনরাডো স্যালিনাস।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন হামলাকারীকে স্থানীয় বাসিন্দা বলে শনাক্ত করেছে।
মোরগ লড়াই ফিলিপাইনে অত্যন্ত জনপ্রিয়। মোরগ লড়াইয়ে অনেক লোক সমাগম হয় এবং প্রচুর টাকা বাজি ধরা হয়।
দক্ষিণ ফিলিপাইনে অনেক বিদ্রোহী গোষ্ঠি সক্রিয় থাকলেও এ ঘটানার সঙ্গে বিদ্রোহীদের কোনো সংযোগ নেই বলে জানিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮০২ঘ.
bdnews24