ইস্তাম্বুল, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে ছয়জাতি আলোচনা গঠনমূলক হয়েছে এবং দুপক্ষ আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা কর্মকর্তারা।
তুরস্কের প্রধান শহর ইস্তাম্বুলে শনিবার এ আলোচনা হয়।
গত ১৫ মাসের মধ্যে প্রথম ইরান পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনায় অংশ নিল। আলোচনার দ্বিতীয় দফা চলতি বছর ২৩ মে ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত হবে।
তবে কয়েকজন কূটনীতিকের বরাত দিয়ে বিবিসি এক খবরে জানায়, আলোচনা এখনো অনেক বাকি এবং ইরানের পক্ষ থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন।
ইরান পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্যে কর্মসূচি পরিচালনা করছে বলে পশ্চিমা বিশ্বের অভিযোগ। তবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি পরিচালনার দাবি বরাবরই করে আসছে ইরান।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন আলোচনা ‘গঠনমূলক ও উপযোগী’ হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, এখন আমরা দীর্ঘস্থায়ী একটি আলোচনা প্রক্রিয়ার পথে এগুতে চাই।
তিনি আরো বলেন, “শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি পরিচালনার অধিকার ইরানের রয়েছে। তবে অবশ্যই পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির ওপর ভিত্তি করে ভবিষ্যত আলোচনা হবে।”
ওদিকে, ‘সহযোগিতার ভিত্তিতে সফল’ আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রধান পরমাণু আলোচক সাঈদ জলিলি।
আগামী মাসে অনুষ্ঠেয় আলোচনায় পারস্পারিক আত্মবিশ্বাস গড়ে তোলাকে গুরুত্ব দেয়া হবে বলে তিনি জানান।
নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির সঙ্গে ইরানের এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৫১ঘ.
bdnews24