ডেরা ইসমাইল খাঁন, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি কারাগারে হামলা চালিয়ে প্রায় ৪০০ বন্দিকে মুক্ত করেছে তালেবান জঙ্গিরা।
আফগান সীমান্তবর্তী বান্নু শহরের ওই কারাগারে রোববার ভোরে সশস্ত্র জঙ্গিরা হানা দেয় বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। জঙ্গিদের সঙ্গে বন্দুকের পাশাপাশি রকেটচালিত গ্রেনেডও ছিল।
পলাতক বন্দিদের মধ্যে অনেক জঙ্গি রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তা।
আল কায়েদা সংশ্লিষ্ট পাকিস্তানি জঙ্গি সংগঠন তেহরিক-ই তালেবান দাবি করেছে, তারাই এই হামলা চালিয়েছে।
“বান্নু কারাগার থেকে আমরা আমাদের কয়েকশ সঙ্গীকে মুক্ত করে এনেছি। এদের অনেকেই তাদের গন্তব্যে পৌঁছে গেছে। বাকিরাও পথে আছে,” বলেন সংগঠনটির এক মুখপাত্র।
তাৎক্ষণিকভাবে তেহরিক-ই তালেবানের এই দাবির সত্যাসত্য যাচাই করা যায়নি। তবে পাকিস্তানি পুলিশ ও গোয়েন্দা সংস্থার দাবি, পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে জঙ্গির সংখ্যা অল্প।
পুলিশ কর্মকর্তা মীর সাহেব জান বলেন, “রোববার ভোরে কয়েক ডজন জঙ্গি বান্নুর কেন্দ্রীয় কারাগারে হামলা চালিয়ে প্রায় ৩’শ বন্দিকে নিয়ে গেছে।”
হামলাকারী জঙ্গিরা রাইফেল ছাড়াও রকেটচালিত গ্রেনেড ব্যবহার করে বলে তিনি জানান।
অন্য এক পুলিশ কর্মকর্তা জানান, বান্নুর কারাগারে থাকা ৯৪৪ জন বন্দির মধ্যে ৩৮৪ জন পালিয়ে গেছে।
জঙ্গিদের হামলার সময় লড়াইয়ে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর আধা সামরিক বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কারগারটি ঘিরে রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১১০০ ঘ.
bdnews24