২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাহাজ দুর্ঘটনায় অগ্রাধিকার পায় না নারী ও শিশু’

জাহাজ দুর্ঘটনায় নারী ও শিশুদের আগে উদ্ধার করা হয় বলে প্রচলিত ধারণাটি সত্যি নয়। নতুন এক গবেষণায় এ বিষয়টি বেরিয়ে এসেছে বলে গবেষকরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2012, 08:18 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাজ দুর্ঘটনায় নারী ও শিশুদের আগে উদ্ধার করা হয় বলে প্রচলিত ধারণাটি সত্যি নয়। নতুন এক গবেষণায় এ বিষয়টি বেরিয়ে এসেছে বলে গবেষকরা জানিয়েছেন। ১৮টি জাহাজ দুর্ঘটনায় বেঁচে যাওয়াদের ব্যাপারে তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, জাহাজ দুর্ঘটনায় উদ্ধার পাওয়ার দিক থেকে উল্লেখযোগ্যভাবে পিছিয়ে আছে নারীরা। বরং জাহাজের কাপ্তান ও কর্মীদের বেঁচে যাওয়ার হার বেশি। সুইডেনের উপসালা ইউনিভার্সিটির এক দল গবেষক এ গবেষণাটি চালান বলে জানিয়েছে বিবিসি। তবে ঠিক একশ’ বছর আগে বিশ্বব্যাপী আলোচিত ‘টাইটানিক’ জাহাজ দুর্ঘটনার সময় এর ব্যতিক্রম ঘটে। জাহাজটির কাপ্তান এ ব্যাপারে তার নির্দেশ না মানলে গুলি করার হুমকি দেওয়ার ফলেই সেখানে নারীরা আগে উদ্ধার পেয়েছিলো বলে মন্তব্য করেন গবেষকরা। এ গবেষণা প্রতিবেদনে জানানো হয়, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া ও আদেশ দেওয়ার ক্ষমতা থাকে কাপ্তানের হাতে। তবে বাস্তব জীবনে বিপদের মুহূর্তে মানুষের ‘আপন প্রাণ বাঁচা’ প্রবণতাই বেশি বলে গবেষণায় বেরিয়ে এসেছে। গবেষকরা গত তিন শতাব্দী ধরে ঘটে যাওয়া ১৮টি জাহাজ দুর্ঘটনায় আক্রান্ত ১৫ হাজার যাত্রী সম্পর্কে তথ্য পর্যালোচনা করেন। এর মধ্যে ১৬টি জাহাজের যাত্রীদের তথ্য আগে কখনো বিশ্লেষণ করা হয়নি বলে জানান তারা। বিশ্লেষণে দেখা যায়, প্রথম বিশ্বযুদ্ধের পরের সময়ে এসব দুর্ঘটনায় নারীদের মৃত্যুহার কমে এসেছে। সমাজে নারীদের মর্যাদা বৃদ্ধির সঙ্গে এর সম্পর্ক রয়েছে বলে মনে করেন গবেষকরা। এছাড়া বর্তমানে এ ধরনের জরুরি অবস্থায় প্রতিবন্ধীদের প্রতিও বিশেষ দৃষ্টি রাখা হয় বলে জানিয়েছেন গবেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪০০ ঘ.