২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে শাহরুখকে ফের ‘হয়রানি’

ইয়েল ইউনিভার্সিটির চাব ফেলোশিপ নিতে যুক্তরাষ্ট্রে গিয়ে আবারো ‘হয়রানির’ শিকার হয়েছেন ভারতের চলচ্চিত্র তারকা শাহরুখ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 09:12 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইয়েল ইউনিভার্সিটির চাব ফেলোশিপ নিতে যুক্তরাষ্ট্রে গিয়ে আবারো ‘হয়রানির’ শিকার হয়েছেন ভারতের চলচ্চিত্র তারকা শাহরুখ খান। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, ব্যবসায়ী মুকেশ আম্বানির ব্যক্তিগত বিমানে করে নিউ ইয়র্কে পৌঁছানোর পর শাহরুখের সফরসঙ্গীদের সঙ্গে সঙ্গে ‘ইমিগ্রেশন ক্লিয়ারেন্স’ দেওয়া হলেও জনপ্রিয় এই অভিনেতাকে দুই ঘণ্টারও বেশি সময় আটকে রাখা হয়। শাহরুখের অভিযোগ, নামের শেষের অংশের জন্যই তার সঙ্গে এ আচরণ করেছে মার্কিন কর্মকর্তারা। আর এ বিষয়টিকে তিনি তুলনা করেছেন একজন ‘তারকাকে’ তার গৌরবের জায়গা থেকে লাথি দিয়ে ফেলে দেওয়ার সঙ্গে। অবশ্য ইয়েল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বা শাহরুখের সফরসঙ্গীরা এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। শাহরুখের জন্য এ ধরনের ঘটনা নতুন নয়। যুক্তরাষ্ট্রে এর আগেও অন্তত তিনবার ইমিগ্রেশন কর্মকর্তাদের ‘হেনস্তার’ শিকার হতে হয়েছে তাকে। ২০০৯ সালেও নিউজার্সির বিমানবন্দরে তাকে আটকে রাখা হয়েছিল দীর্ঘ সময়। নিউইয়র্ক সফর শেষে শুক্রবার রাতে ভারতে ফেরার কথা রয়েছে শাহরুখের। বৃহস্পতিবার ইয়েল ইউনিভার্সিটিতে চাব ফেলোশিপ নেওয়ার আগে এক সংবাদ সম্মেলনে শাহরুখ এই ‘হেনস্তার’ বিষয়টি তুলে ধরেন। এরপর ইয়েলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ৪৬ বছর বয়সী এই অভিনেতা। ইয়েল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার জন্য তিনি আম্বানির প্রতি ধন্যবাদ জানান। মুকেশ আম্বানির মেয়ে ইশা এ বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। ‘শিল্পের মাধ্যমে মানবিক আদর্শকে তুলে ধরায়’ অবদানের জন্য চলতি বছর শাহরুখ খানকে এ সম্মাননা দিল ইয়েল ইউনিভার্সিটি। চাব ফেলোশিপে বলা হয়েছে, চলচ্চিত্র ও মানবিকতার মাধ্যমে আদর্শ ও আকাক্সক্ষাকে তুলে ধরে শিল্পকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে শাহরুখ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, রোনাল্ড রিগ্যান ও জিমি কার্টার, লেখক অক্তাবিও পাজ, কার্লোস ফুয়েন্তেস, টনি মরিসন, চলচ্চিত্র নির্মাতা সোফিয়া কোপ্পোলা, প্রকৌশলী ফ্রাঙ্ক গেরি, কোরিওগ্রাফার মিখাইল বেরিসনিখোভ ও সাংবাদিক ওয়াল্টার ক্রোনকাইটকে এ সম্মাননা দিয়েছে ইয়েল কর্তৃপক্ষ। শাহরুখ এ পর্যন্ত ৭০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন মোট ১৪ বার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫০৪ ঘ.