২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষ শ্রমিকের জন্য অভিবাসন নিয়ম শিথিল করছে কানাডা

তেল, খনি ও নির্মাণ শিল্পে শ্রমিকের ঘাটতি দূর করতে দক্ষ শ্রমিকদের জন্য অভিবাসন নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে কানাডার সরকার। আর এ বছরের শেষ নাগাদ নতুন এ কর্মসূচি বাস্তবায়নের আশাও করছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 08:13 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ক্যালগেরি, আলবার্ট, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তেল, খনি ও নির্মাণ শিল্পে শ্রমিকের ঘাটতি দূর করতে দক্ষ শ্রমিকদের জন্য অভিবাসন নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে কানাডার সরকার। আর এ বছরের শেষ নাগাদ নতুন এ কর্মসূচি বাস্তবায়নের আশাও করছে তারা। ক্যালগেরির ব্যবসায়ীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে অভিবাসনমন্ত্রী জেসন কেনি মঙ্গলবার একথা জানান। তিনি বলেন, যেসব ক্ষেত্রে দক্ষ শ্রমিকের ঘাটতি রয়েছে কানাডার প্রতি তাদের আকৃষ্ট করতে সরকার কেন্দ্রীয় দক্ষ শ্রমিক কর্মসূচির পরিবর্তন করবে। নতুন এ পদ্ধতিতে দ্রুত বড় বড় কাজে যোগদানের পাশাপাশি অভিবাসন ক্ষেত্রে নিয়োগদাতাদের ভূমিকা বাড়াবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, “আগে দক্ষ ব্যক্তিদের পক্ষে আমাদের অনমনীয় অর্থনৈতিক অভিবাসন কর্মসূচিতে প্রবেশ করা কঠিন হয়ে পড়ত। তাদের মাধ্যমিক পরবর্তী ডিগ্রি ও ভাষার ক্ষেত্রে উচ্চ পর্যায়ের দক্ষতার প্রয়োজন হত। “আর নতুন এ কর্মসূচি নির্ভর করবে কানাডার নিয়োগদাতাদের প্রস্তাবিত চাকরির উপর। এর অর্থ হলো, অভিবাসনে আগ্রহীদের পরিচয়পত্র ও কানাডার সনদপত্রের সমতুল্য অভিজ্ঞতা থাকতে হবে।” নতুন এ পরিকল্পনা অনুযায়ী, পেশাজীবী আবেদনকারীদের মতো অভিবাসীদের ক্ষেত্রে ইংরেজি বা ফরাসি ভাষায় বাকপটু হওয়ার বাধ্যবাধকতা থাকবেনা। তবে ভাষার ক্ষেত্রে কিছু নিয়মনীতি থাকবে। নতুন এ আইন প্রাথমিক পর্যায়ে ‘কয়েক হাজার’ দক্ষ শ্রমিককে আকৃষ্ট করলেও ধীরে ধীরে তা আরো জনপ্রিয় হবে বলে কেনি আশা করছেন। তেল, ধাতু ও খনির উচ্চমূল্য কানাডায় বিনিয়োগের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। এতে করে চাহিদা পূরণের জন্য বর্তমান দক্ষ শ্রমিকদের ওপর চাপ পড়ছে এবং নিয়োগদাতারা অস্থায়ী বিদেশি শ্রমিক আনতে বাধ্য হচ্ছে। মন্ত্রী বলেন, “তীব্র চাহিদা পূরণের জন্য স্বল্পমেয়াদে অস্থায়ী বিদেশি শ্রমিক কর্মসূচি ব্যবহার করা হয়। তবে শ্রমিক চাহিদা সবসময় একই থাকবে। স্থায়ী শ্রমিকদের আনা হলে অস্থায়ি বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরশীলতা কমবে বলে আশা করছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪০৮ ঘ.