ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাহিত্যে নোবেলজয়ী জার্মান লেখক গুন্টার গ্রাসকে (৮৪) অবাঞ্ছিত ঘোষণা করে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েলি সরকার।
জার্মান ভাষায় লেখা ‘হোয়াট মাস্ট বি সেইড’ বা ‘যে কথা বলতেই হবে’ শীর্ষক এক কবিতায় ইসরায়েলের সমালোচনা করায় এমন এ ধরনের পদক্ষেপ নিয়েছে দেশটি।
ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী এলি ইশাই বলেন, ‘ইসরায়েল ও এর জনগণের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দিতে’ চেষ্টা করায় গ্রাসকে এদেশে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলে বিবিসি জানায়।
ইশাই আরো বলেন, গ্রাসের ইরানে যাওয়া উচিত আর সেখানে তিনি সমব্যাথী পাঠকও পাবেন।
ওই কবিতায় গ্রাস লিখেছেন, ‘বিশ্বশান্তির অন্তরায় ইসরায়েল, আমি তা বলব। আমি আর থাকবো না নীরব। আমরা ক্লান্ত, পশ্চিমা বিশ্বের ইসরায়েল ঘেরা রাজনীতি নিয়ে, তবে নয় দেরি, বলতে হবে এখনই’।
কবিতায় ইসরায়েলের কাছে জার্মানির অস্ত্র বিক্রির সমালোচনা করে গ্রাস বলেন, ইহুদি এ রাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর অনুমতি দেওয়া উচিত নয়।
সুয়েদেয়ুতস জেইটুং সংবাদপত্রে প্রকাশিত কবিতাটির একটি অংশে ইসরায়েলের পরমাণু কর্মসূচিরও সমালোচনা করেন তিনি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ইতোমধ্যেই এ কবিতাটির সমালোচনা করেছেন।
শুধু ইসরায়েলে নয় বরং সাম্প্রতিক এ লেখার জন্য নিজ দেশেও সমালোচিত হয়েছেন গ্রাস।
জার্মানের পররাষ্ট্র মন্ত্রী গুইডো ভেস্টারভেল বিল্ড সংবাদপত্রকে বলেন, ইসরায়েল ও ইরানকে একই স্তরে রাখা কেবল উদ্ভটই নয় বরং অযৌক্তিক ও হাস্যকরও বটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০১৮ ঘ.
bdnews24