২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাইফকে হস্তান্তর করবে না লিবিয়া’

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামকে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে হস্তান্তর করবে না লিবীয় সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 08:28 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ত্রিপোলি, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামকে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে হস্তান্তর করবে না লিবীয় সরকার। রোববার দেশটির বিচারমন্ত্রী আলি আশর বলেন, সাইফের বিচার দেশের আদালতেই হবে। রোববার লিবিয়ার বিচার মন্ত্রণালয়ের প্রতিনিধির সঙ্গে সাইফ আল ইসলামের বিচার বিষয়ে আলোচনা করতে ত্রিপোলিতে আসেন আন্তর্জাতিক আদালতের একটি প্রতিনিধি দল। তিনি বলেন, সাইফের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, হত্যা ও ধর্ষণের অভিযোগের বিচার করবেন লিবিয়ার বিচারকরাই। গত বছর জিনতানের বিদ্রোহীদের হাতে ধরা পড়ার পর তাদের অধীনেই গোপন স্থানে সাইফ আটক রয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী আলি আশর। নিরপেক্ষ বিচারের জন্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে সাইফকে পাঠানোর জন্য লিবিয়াকে চাপ দিচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। বন্দি সাইফের সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে না বলে এ আদালতের এক আইনজীবী অভিযোগ তুলেছেন। তবে আশর বলেন, তাকে আইসিসি’র কাছে হস্তান্তর করার কোনো লক্ষ্য নেই আমাদের। লিবিয়ার আইনই সাইফ আল ইসলামের বিচার করার জন্য উপযুক্ত ব্যবস্থা। সাইফ তার প্রহরীদের সঙ্গেই খাবার খান এবং তিনি সুস্থ আছেন বলেও জানান আশর। আইসিসি প্রতিনিধি দলকে আশর আরো জানান, সাইফের জন্য ত্রিপোলিতে কারাগারের ব্যবস্থা করা হয়েছে। তাকে ত্রিপোলিতে নিয়ে আসার জন্য জিনতানের বিদ্রোহীদের সঙ্গে আলোচনাও চলছে। তবে আইসিসি বলছে, সাইফের বিচার তাদের আওতায় রয়েছে কেননা, গত বছর মুয়াম্মার গাদ্দাফি, সাইফ আল ইসলাম ও গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসির বিরুদ্ধে পরোয়ানা জারি করেছিলো সংস্থাটি। গতবছর বিদ্রোহীদের হাতে ধরা পড়ার পর নিহত হন মুয়াম্মার গাদ্দাফি। গোয়েন্দা প্রধান সেনুসি বর্তমানে মৌরিতানিয়ায় পলাতক রয়েছেন। ১৯৯৬ সালে ত্রিপোলির আবু সালিম কারাগারে ১২শ’র বেশি বন্দিকে হত্যা করার ঘটনায় মূল ভূমিকা পালন করার অভিযোগ রয়েছে সেনুসির বিরুদ্ধে। এদিকে সাইফকে আন্তর্জাতিক আদালতের হাতে তুলে না দিলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লিবিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলার হুমকি দিয়ে সাইফকে ওই আদালতের হাতে তুলে দিতে আহ্বান জানিয়েছে এ পরিষদ। লিবিয়ার আইনে সাইফের বিচার হলে তার সম্ভাব্য শাস্তি হবে মৃত্যুদণ্ড। তবে আন্তর্জাতিক আদালতে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে যেকোনো মেয়াদের কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪২০ ঘ.