২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্রষ্টাকে বাদ দিয়ে প্রযুক্তিগত অগ্রগতি বিপজ্জনক: পোপ

স্রষ্টা ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা ছাড়া প্রযুক্তিগত অগ্রগতি অর্জন সারাবিশ্বের জন্যই হুমকি বলে মন্তব্য করেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 10:19 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ভ্যাটিক্যান সিটি, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-স্রষ্টা ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা ছাড়া প্রযুক্তিগত অগ্রগতি অর্জন সারাবিশ্বের জন্যই হুমকি বলে মন্তব্য করেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। ইস্টার সানডে উপলক্ষে শনিবার সেন্ট পিটার’স বাসিলিকা চার্চে আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে তিনি এ সতর্কবার্তা দিয়ে বলেন, মানবজাতি অন্ধকারে ঘুরপাক খাচ্ছে। ভালো আর খারাপের মধ্যে পার্থক্য করতে তারা অপারগ। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের শুরুতে যিশুর সমাধির অন্ধকারের মর্ম অনুধাবণ করানোর জন্য খ্রিস্টানদের সবচেয়ে বড় এ গির্জাকে অন্ধকার করে রাখা হয়। এরপর পোপ মূল করিডোরের দিকে এগোতে শুরু করলে সেখানে উপস্থিত প্রায় ১০ হাজার মানুষ মোমবাতি জ্বালায় এবং মূল জায়গায় পৌঁছানোর পর গির্জার আলো জ্বালানো হয়। সোনালী ও সাদা রংয়ের পোশাক পরা পোপ এরপর অন্ধকার ও আলোর বৈপরীত্য নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, “স্রষ্টাকে ঢেকে ফেলা ও মূল্যবোধে কালো ছায়া ফেলা অন্ধকার সত্যিকার অর্থেই আমাদের অস্তিত্ব এবং পৃথিবীর জন্য হুমকি।” পোপ বলেন, “সৃষ্টিকর্তা ও নৈতিক মূল্যবোধ, ভালো ও খারাপের মধ্যেকার পার্থক্য অন্ধকারে থেকে গেলে আর সব ধরনের ‘আলো’ কেবল উন্নতি নয় বরং তা এক ধরনের হুমকি যা আমাদেরকে এবং সারা বিশ্বকেই ঝুঁকির মুখে ফেলে দেয়।” রোববার ইস্টার সানডে পালনকালে আয়োজিত এক অনুষ্ঠানে পোপের ভাষণ দেওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬১২ঘ.