২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় সহিংসতায় শতাধিক নিহত

অস্ত্রবিরতির মাত্র কয়েকদিন আগে সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সহিংসতায় অন্তত একশ’ মানুষ নিহত হয়েছে বলে মানবাধিকার কর্মীরা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 05:19 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্রবিরতির মাত্র কয়েকদিন আগে সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সহিংসতায় অন্তত একশ’ মানুষ নিহত হয়েছে বলে মানবাধিকার কর্মীরা জানিয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া নিরাপত্তা বাহিনীর সহিংসতায় ১০৭ জন নিহত হয়েছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়। লোকাল কো-অর্ডিনেশন কমিটিজ নামের অন্য একটি পর্যবেক্ষক গ্র“প জানায়, নিহতের সংখ্যা ১৩৩ জনে দাঁড়িয়েছে। গত বছর মার্চে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী দিনগুলোর একটি হিসেবে এটিকে অভিহিত করেছে তারা। পর্যবেক্ষকরা জানান, হামা প্রদেশের আল-লাটামানায় সরকারি বাহিনীর গোলার আঘাতে ৪০ জনের বেশি নিহত হয়। একটি ভিডিও চিত্রে দেখা যায়, হোমস শহরে ১৩ জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে ভিডিওটির ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি বলে বিবিসি জানায়। এছাড়া হোমস প্রদেশের ডেইর বালবা জেলায় সরকারি বাহিনীর গোলাবর্ষণে অন্তত চার জন নিহত হয় বলে রয়টার্স জানায়। নিরাপত্তা বাহিনীর সহিংসতার জন্য সিরীয় সরকারের সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ঝুলে থাকা অস্ত্রবিরতি চুক্তিকে যেন ‘হত্যাকাণ্ডের অজুহাত’ হিসেবে ব্যবহার না করা হয় সেজন্য সিরিয়ার সরকারকে সতর্কও করেন তিনি। এদিকে তুরস্ক বলছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ জাতিসংঘ ও আরব লীগ সমর্থিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে রাজি হওয়ার পর সেখান থেকে শরণার্থী আসার হার দ্বিগুন হয়েছে। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মধ্যস্থতায় করা ওই শান্তি পরিকল্পনায় আগামী ১০ এপ্রিল থেকে সব পক্ষের সশস্ত্র সংগ্রাম থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। আর পুরোপুরি অস্ত্রবিরতির কথা বলা হয়েছে ১২ এপ্রিল থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২৩১৪ ঘ.