ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লস্কর ই তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের মাথার জন্য পুরষ্কার ঘোষণা নিয়ে ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন কোনো উত্তেজনা চায় না যুক্তরাষ্ট্র। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির আসন্ন ভারত সফরকেও ‘অত্যন্ত গঠণমূলক’ আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়।
বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের কাছে দেওয়া এক বিবৃতিতে জারদারির ভারত সফরের পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক উল্লেখ করে হাফিজকে নিয়ে এ সফরে নতুন কোনো উত্তেজনা চান না বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার।
২০০৮ সালে মুম্বাইয়ে চালানো রক্তক্ষয়ী হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে হাফিজ সাঈদকে সন্দেহ করা হয়। ওই হামলায় ১৬৬ জন নিহত হয়। নিহতদের মধ্যে ছয়জন ছিল মার্কিন নাগরিক।
সম্প্রতি হাফিজ সাঈদকে ধরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এক কোটি ডলার পুরষ্কার ঘোষণা করে। এর প্রতিবাদে পাকিস্তানের ৪০টিরও বেশি উগ্রপন্থী জঙ্গিদলের সম্মিলিত সংগঠন দেফা ই পাকিস্তান পরিষদ বৃহস্পতিবার জারদারিকে তার পরিকল্পিত ভারত সফর বাতিলের আহ্বান জানায়।
দেফা ই পাকিস্তানের আহ্বানের জবাবেই মার্ক টোনার যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া তুলে ধরেছেন বলে জানিয়েছে এনডিটিভি।
“জারদারির ভারত সফর কে আমরা অত্যন্ত গঠণমূলক বলে মনে করি, আর আমরা সবাই ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের পক্ষে,” বলেন টোনার।
বিখ্যাত আউলিয়া খাজা মঈনউদ্দিন চিশতীর মাজার আজমীর শরিফ জেয়ারতের উদ্দেশ্যে এক ব্যক্তিগত সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি। ৮ এপ্রিল দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে জারদারির এক মধ্যাহ্ন ভোজে মিলিত হওয়ার কথা রয়েছে।
“পাকিস্তান ও ভারতের মধ্যে সংলাপের মাধ্যমে উভয় দেশই লাভবান হয় বলে আমরা মনে করি। পরস্পরের সঙ্গে মতবিনিময় উষ্ণ সহযোগিতার সম্পর্ক তৈরি করতে সহয়তা করে,” বলেন টোনার।
তিনি বলেন, “সাঈদকে ধরিয়ে দিতে পারলে পুরষ্কার ঘোষণার কোনো প্রভাব আসন্ন জারদারি-মনমোহন বৈঠকের ওপর পড়ুক তা কোনোভাবেই চায় না যুক্তরাষ্ট্র।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৩৯ঘ.
bdnews24