ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিপণ না দেওয়ায় খুন হলেন অপহৃত ২৩ বছর বয়সী ভারতীয় প্রকৌশলী জনি কুমার। গত ৩ এপ্রিল তাকে অপহরণ করা হয়।
পশ্চিম দিল্লির নাঙ্গলোই এলাকায় তার লাশ পাওয়া গেছে বলে শুক্রবার এনডিটিভি জানায়।
জনির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জনির মুক্তিপণ হিসেবে তাদের কাছে এক কোটি রুপি দাবি করা হয়েছিল।
এতো টাকা দেওয়া জনির পরিবারের পক্ষে সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
নিহত জনির ভাই জানান, “ফোন করে অপহরণকারী এক কোটি রুপি দাবি করে। জনিকে নিরাপদে ফিরে পেতে চাইলে পুলিশ অথবা গণমাধ্যমকে কিছু না জানানোরও নির্দেশ দেয় অপহরণকারী।”
তিনি অভিযোগ করেন, অপহরণের পরপরই এ বিষয়ে পুলিশকে জানানো হলেও পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তবে জনির পরিবারের এ অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ কর্মকর্তারা।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত অপহরণকারীরা জনির পূর্ব পরিচিত বলে জানিয়েছে পুলিশ। তবে তারা জনির বন্ধু ছিল কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০০ ঘ.
bdnews24