ওয়াশিংটন, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের নতুন গণতান্ত্রিক পরিবর্তনকে স্বীকৃতি দিতে দেশটিতে মার্কিন কোম্পানির বিনিয়োগে নিষেধাজ্ঞাসহ কয়েকটি নিষেধাজ্ঞা শিথিলে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।
বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সাংবাদিকদের একথা জানান।
কয়েক দশক ধরে চলা সামরিক শাসন অবসানে দক্ষিণপূর্ব এশিয়ার সম্পদশালী দেশটিকে অনেক দূর যেতে হবে উল্লেখ করে ওবামা প্রশাসন সতর্কতার সঙ্গে সামনে এগোতে চায় বলেও জানান তিনি।
রোববার সংসদীয় উপনির্বাচনে জয়ী হওয়ায় নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সুচির প্রশংসাও করেন তিনি।
হিলারি বলেন, “যে অগ্রগতি হয়েছে আমরা তার স্বীকৃতি দিচ্ছি ও একে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের সম্পৃক্ততার নীতি অব্যাহত রাখব।”
তিনি জানান, দুই দশক পর মিয়ানমারে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের নাম ঘোষণা, সেখানে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মার্কিন সংস্থার কার্যালয় স্থাপন এবং দেশটিতে নিয়মিত জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিতে সহায়তা করা হবে।”
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, অর্থনীতির আধুনিকীকরণ ও রাজনৈতিক সংস্কার দ্রুত করতে বৃহত্তর সহায়তার অংশ হিসেবে মার্কিন অর্থনৈতিক সেবা ও বিনিয়োগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রক্রিয়া শুরু করতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
হিলারি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ, স্বাস্থ্য ও শিক্ষার মতো অলাভজনক প্রকল্পে ব্যক্তিমালিকানাধীন মার্কিন দাতা গোষ্ঠীকে কার্যক্রম পরিচালনার অনুমতি দিতেও যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।
এছাড়া দীর্ঘদিন ধরে ভিসার ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মিয়ানমারের নির্বাচিত কয়েকজন কর্মকর্তা ও আইনপ্রণেতাকে যুক্তরাষ্ট্রে সফরের অনুমতিও দিতে চায় সরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানান, কৃষি, পর্যটন, টেলিযোগাযোগ ও ব্যাংকিং’র মতো কয়েকটি খাতে বিনিয়োগ নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে। তবে এগুলো কেবল সম্ভাব্য খাত এবং এক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪২৭ ঘ.
bdnews24