বৈরুত, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতির জন্য বেঁধে দেওয়া সময়সীমার মুখেও বিভিন্ন শহরে গোলা হামলা চালাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী।
প্রেসিডেন্ট বাশার আল আসাদ ১০ এপ্রিল সময়সীমার মধ্যে যুদ্ধবিরতির জন্য সব শহর থেকে সেনা সরিয়ে নিতে রাজি হওয়ার পরও মঙ্গলবার দুটি শহরে গোলা হামলা হয়েছে বলে জানিয়েছে বিরোধী পক্ষের কর্মীরা।
তারা জানায়, আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইরত বাহিনীকে দুর্বল করে দেওয়ার জন্যই ক্রমাগত এ হামলা চালানো হচ্ছে।
পাল্টা জবাবে বিদ্রোহীরাও হামলা করছে এবং সিরিয়ার উত্তরাঞ্চলে তাদের হামলায় তিন সেনা নিহত হয়েছে বলেও জানায় আন্দোলনকর্মীরা।
জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনান জানিয়েছেন, রোববার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো এক চিঠিতে শান্তিপ্রস্তাব বাস্তবায়নের সময়সীমায় সিরিয়া সরকার রাজি বলে তাকে জানানো হয়েছে ।
যুদ্ধবিরতির বিষয়টি তদারকের ব্যবস্থা করার জন্য আগামী দুই দিনের মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অগ্রবর্তী একটি দল দামেস্কে পৌঁছবে বলে জেনেভা থেকে জানিয়েছেন কফি আনানের মুখপাত্র।
কিন্তু আগের প্রতিশ্র“তিগুলো বাস্তবায়নে ব্যর্থ আসাদ এবারও কথা রক্ষা করবেন কিনা তা নিয়ে সন্দিহান সিরিয়ার বিরোধীপক্ষ। সময়সীমার মুখেও চলমান গোলা হামলা সন্দেহ আরো ঘনীভূত করেছে।
শান্তি প্রস্তাব বাস্তাবায়নে রাজি থাকার কথা বলে আসাদ কেবল বিদ্রোহী বাহিনীকে আরো কোণঠাসা করার জন্য সময় নিচ্ছেন বলে অভিযোগ করেছে বিরোধীরা।
মঙ্গলবার হোমস শহরের বিভিন্ন টার্গেটে গোলা হামলা হয়েছে। পশ্চিমাঞ্চলীয় সীমান্ত শহর জাবাদানিতেও গোলা হামলা চলছে।
“আসাদ সরকার হামলা বন্ধের কোনো লক্ষণই দেখাচ্ছে না। জাবাদানিতে মানুষ গোলা হামলার শিকার হচ্ছে,” বলেন এক আন্দোলনকর্মী।
ওদিকে, ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, বিভিন্ন স্থানে সেনাদের ওপর চড়াও হয়ে পাল্টা জবাব দিচ্ছে বিদ্রোহীরাও। উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিদ্রোহী যোদ্ধারা এক সেনাকে হত্যা করেছে। অ্যালেপ্পোয় এক সামরিক কর্মকর্তার বাড়িতে হামলা চালিয়ে দুই রক্ষীকে হত্যা করেছে সশস্ত্র বিদ্রোহীরা।
এ সহিংস পরিস্থিতিতে ১০ এপ্রিলের মধ্যে যুদ্ধবিরতিতে সিরিয়ার দেওয়া প্রতিশ্র“তি রক্ষার বিষয়টি তদারকের জন্য পর্যবেক্ষণ মিশনের অনুমতিদানের বিষয়টি বিবেচনা করতে আসাদ সরকারকে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন আনান।
ওই সময়সীমা দামেস্ক গ্রহণ করেছে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফরি। তবে সিরিয়া সরকার চায় বিরোধীরাও এ সময়সীমা মেনে নিক।
“সিরিয়া সরকার এ বিষয়ে প্রতিশ্র“তিবদ্ধ। তবে আমরা আশা করছি কফি আনান ও নিরাপত্তা পরিষদের কয়েকটি পক্ষ সরকার বিরোধীদের কাছ থেকেও এরকম প্রতিশ্র“তি আদায় করুক। সব পক্ষ প্রতিশ্র“তিবদ্ধ না হলে কোনো পরিকল্পনাই সফল হবে না,” বলেন জাফরি।
সিরিয়ার বিরোধীপক্ষ আনানের ছয়দফা শান্তি প্রস্তাব মানলেও যুদ্ধবিরতির জন্য বেঁধে দেওয়া ১০ এপ্রিল সময়সীমার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। সিরিয়ার শহরগুলো থেকে সেনা এবং ট্যাংক সরিয়ে নেওয়া হলেই লড়াই বন্ধ করা হবে বলে জানিয়েছে বিদ্রোহী দল ফ্রি সিরিয়ান আর্মি।
সরকার বিরোধী আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন বন্ধের প্রতিশ্রুতি বারবার দিলেও সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ কথা রাখেননি। ফলে সিরিয়ার পরিস্থিতি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সোমবার ৮ সেনা ও ৯ বিদ্রোহীসহ সিরিয়াজুড়ে আরো ৩৫ জন নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৪১ঘ.
bdnews24