ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েনটিফোর ডটকম) - মিয়ানমারে রোববার অনুষ্ঠিত ৪৫ আসনের উপ-নির্বাচনে অং সান সু চিকে নিয়ে ভোটারদের মধ্যে দেখা গেছে প্রচুর উৎসাহ-উদ্দীপনা। সেইসঙ্গে তাকে নিয়ে ভবিষ্যৎ প্রত্যাশারও স্ফুরণ ঘটেছে ভোটারদের মধ্যে।
সু চিকে নিয়ে উচ্ছ্বসিত অনুভূতি প্রকাশ করেছেন অনেকেই। শনিবারের রাত অস্থির কেটেছে থাউঙ নায়ান্টের।
সুপারি এবং বাঁশ চাষী এই ভোটার নায়ান্ট তার অনুভূতি প্রকাশ করে জানান, ভোট দেয়ার কথা চিন্তা করে তিনি এতটাই উত্তেজিত ছিলেন যে রাতে এক ফোঁটাও ঘুমাতে পারেননি।
কাওমু শহরে ভোর হতে হতে না হতেই নায়ান্ট নিকটবর্তী ভোটকেন্দ্রে ছুটে যান এবং প্রথম বার্মিজ নাগরিক হিসেবে অং সান সু চিকে ভোট দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান।
১৫ মাস আগে যখন সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তখন ৫২ বছর বয়সী এই ভোটার ভোট দেওয়ার আগ্রহবোধ করেনি।
তিনি বলেন, “তখন আমার পছন্দের কোন প্রার্থী ছিল না। এখন আমাদের ‘দাউ’ (ম্যাডাম) সু আছেন। আমরা সবাই তাকে ভালবাসি ও তার জন্য আমাদের প্রচণ্ড আকর্ষণ আছে।”
২০১০ সালে সু চি গৃহবন্দী থাকা অবস্থায় মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন প্রহসনে পরিণত হয়, কেননা ওই নির্বাচনে কোন আর্ন্তজাতিক পর্যবেক্ষক বা সাংবাদিককে অংশ নিতে দেয়া হয়নি। সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) ওই নির্বাচনে অংশ নেয়নি।
গত এক বছরে অনেকগুলো নাটকীয় সংস্কারের পর সু চি দেশজুড়ে ৪৫ টি নির্বাচনী আসনের এ উপ-নির্বাচনে অংশ নিতে সম্মতি দেন। তিনি নিজের আসন হিসেবে রেঙ্গুনের দক্ষিণ-পশ্চিমে অবস্থতি ইরাবতী বদ্বীপের একটি গ্রামীণ এলাকা বেছে নেন।
মানুষ রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে সু চিকে সমর্থন জানায়। আর সেখানেই ভোটের দিনের সকালটা কাটিয়ে দেন সু চি। নিজের স্বাস্থ্যের খারাপ অবস্থা নিয়ে উদ্বেগকে উপেক্ষা করে নির্বাচনের আগ মুহূর্তে নিজের নির্বাচনী এলাকার ভোটারদের সঙ্গে কাটানোর জন্য শনিবার সু চি রেঙ্গুনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়ান।
পরের দিন ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে তিনি শত শত সমর্থক ও সাংবাদিক পরিবেষ্টিত হয়ে কাওমু এলাকার ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন। প্রচণ্ড ধুলিময় ও বাজে অবস্থার এই রাস্তায় সম্ভবত এবারই প্রথম বহু যান চলাচল করেছে।
রাস্তায় দাঁড়িয়ে থাকা শত শত উত্তেজিত মানুষ সু চিকে এক নজর দেখার জন্য অপেক্ষায় ছিলেন-যিনি জনগণের জন্য তার সারা জীবন ত্যাগ স্বীকার করেছেন।
তার এ আত্মত্যাগের জন্যই তাকে ধন্যবাদ জানাতে সমবেত হয় অগণিত মানুষ। সু চি যেন তাদের কাছে ভবিষ্যৎ পরিবর্তনের প্রত্যাশা পূরণের প্রতীক। আর সে অভিব্যক্তিই প্রকাশ পেয়েছে তার ভক্তদের কথায়।
এক ভক্তের উক্তি “আমি সূর্যের আলো ঝলমল করতে দেখছি। সামনে আরো পরিবর্তন অপেক্ষা করছে।”
কাওমু এবং অন্যান্য ৪৪ আসনে যারাই জিতুক তাতে মিয়ানমারের বর্তমান শাসনক্ষমতায় কোন প্রভাব পড়বে না। কারণ, ৬৬৪ সংসদীয় আসনের সামান্য একটি অংশের উপ-নির্বাচন এটি।
কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নির্বাচন কতটা সুষ্ঠু হলো এবং একটি নির্ভরযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরিতে তা কতটা ভূমিকা রাখবে সেটি। পর্যবেক্ষকদের পক্ষ থেকে সতর্ক ‘হ্যাঁ’ সূচক ইঙ্গিত পাওয়া গেলে বোঝা যাবে যে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরো শিথিল হবে।
এ অবস্থার প্রেক্ষাপটে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হয়েছে।
কাওমু ভোটকেন্দ্রের বাইরে একটি টেবিল নিয়ে বসেছিলেন নির্বাচনী কর্মকর্তা উইন ও। তিনি বলেন, “২০১০ সালের চেয়ে এবার আমি অনেক বেশি পরিশ্রম করেছি। যদি কোন ভুল হয় তাহলে তার জন্য সরকার ও দেশ উভয়কে ভুগতে হবে।
তিনি জানান ওই কেন্দ্রের ভোটাররা সবাই ভোট দিতে অত্যন্ত উৎসাহী ছিল এবং প্রায় অর্ধেক ভোটার সকাল সাড়ে ৯ টার আগে ভোট দিয়েছে।
দিনটি ওই গ্রামের এনএলডি চেয়ারম্যান মিয়ো উইনের জন্যও ব্যাপক ব্যস্ততার দিন ছিল। মিয়ো বলেন, “তিনি (সু চি) সম্ভবত ৯০ শতাংশের বেশি ভোট নিয়ে এ আসনে জয়ী হচ্ছেন।”
বিডিনিউজ টোয়েনটিফোর ডটকম/এইচএ/এলকিউ/১৯১০ঘ.
bdnews24