ইস্তাম্বুল, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/রয়টার্স)-বছরব্যাপী চলামান সরকার বিরোধী বিদ্রোহ অবসানের সরকারি ঘোষণা সত্ত্বেও সিরিয়ার সরকারী বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াই চলছে।
ওদিকে, রোববার আসাদ বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে তাদেরকে সমর্থনকারী পশ্চিমা দেশগুলো।
বিদ্রোহ দমন করা হয়েছে, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এমন দাবি সত্ত্বেও প্রেসিডেন্ট আসাদ বলেছেন, জাতিসংঘ-আরব লিগের বিশেষ দূত কফি আনানের শান্তি প্রস্তাব তিনি গ্রহণ করলেও সিরিয়ার শহরগুলো থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করবেন না। নিরাপত্তা তদারক করার জন্য তাদের রেখে দেওয়া হবে।
আর আসাদ বিরোধীরা জানিয়েছে, শহরগুলো থেকে সেনা ও ভারী অস্ত্রশস্ত্র সরানো না হলে তারাও অস্ত্র ত্যাগ করবে না।
সরকার বিরোধী আন্দোলনকারীরা আরো জানায়, শনিবার সরকার বিরোধী অধ্যুষিত এলাকাগুলোতে গোলাবর্ষণ করে ও অভিযান চালিয়ে সরকারী বাহিনী ২৫ সিরীয়কে হত্যা করেছে।
কফর রুমা এলাকায় এক সরকার বিরোধী আন্দোলনকারী গায়কের বাসায় অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী তাকে হত্যা করে বলে জানিয়েছেন তারা। একটি গ্রামে অভিযান চালানোর সময় এক তরুণ ও তার বোনকে গুলি করে হত্যা করেছে সরকারী বাহিনী।
এছাড়া দামেস্কে বিক্ষোভ চলার সময় গুলিতে আহত এক ব্যাক্তি মারা গেছেন বলেও জানিয়েছেন তারা।
আসাদ কফি আনানের শান্তি প্রস্তাব গ্রহণ করার ঘোষণা দিলেও তার বিরোধীরা এখনও প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। এ বিষয়ে সরকার বিরোধী দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে রোববার তুরস্কের ইস্তাম্বুল শহরে আসাদ বিরোধীদের সঙ্গে পশ্চিমা শক্তিগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছে। এতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও উপস্থিত রয়েছেন।
সিরিয়ায় পশ্চিমা নেতৃত্বে সামরিক অভিযানের সম্ভবনা প্রায় শেষ হয়ে গেছে। তা সত্বেও শনিবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ সৌদ আল ফয়সাল সিরিয়ার বিরোধীদের অস্ত্র সরবরাহের জন্য নতুন আহ্বান জানিয়েছেন। সিরিয়ার সরকার বিরোধীদের অস্ত্র সরবরাহ করাকে ‘দায়িত্ব’ বলে বর্ণনা করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৫০ঘ.
bdnews24