মার্চ ৩১, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানে তিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কার্যকরের পরপরই সর্বোচ্চ এ শাস্তির পক্ষে নিজের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা।
প্রধানমন্ত্রী নোদা বলেছেন, “মৃত্যুদণ্ডের বিধান রদ নিয়ে কিছু করার পরিকল্পনা নেই আমার”। বার্তা সংস্থা কিয়োডো একথা জানিয়েছে।
২০১০ সালের জুলাই মাসের পর বৃহস্পতিবারই প্রথম দেশটিতে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গণমাধ্যমের খবরে বলা হয়েছে আলাদা আলাদা কারাগারে দণ্ড কার্যকর করা ওই তিন ব্যক্তিই একাধিক হত্যাকাণ্ডের আসামি ছিলেন। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
মৃত্যুদণ্ড বহাল রেখেছে এমন অল্প কিছু অগ্রসর শিল্পোন্নত দেশের মধ্যে জাপান অন্যতম। জাপানে সাধারণত একাধিক খুনের আসামিদের ক্ষেত্রে এ শাস্তি দেওয়া হয়ে থাকে।
নোদা বলেন, “যেখানে ভয়াবহ সব অপরাধের সংখ্যা কমছে না, তেমন পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমার মনে হয়েছে খুব শিগগিরই মৃত্যুদণ্ড রদ করার সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।”
“আমাদের খুব সতর্কতার সঙ্গে মৃত্যুদণ্ডের গতি-প্রকৃতি নিয়ে ভাবতে হবে এবং এ নিয়ে নানা দৃষ্টিভঙ্গিকে আমলে নিতে হবে। আর অবশ্যই জনমতের ওপর যথেষ্ট নজর দিতে হবে।”
মৃত্যুদণ্ড নিয়ে বিতর্কে ২০০৯ সালের এক সরকারি জরিপে ৮৫ দশমিক ৬ শতাংশ মানুষের সমর্থনের ঘটনার দিকে ইঙ্গিত করে নোদা একথা বলেন।
জাপানে বর্তমানে এক শ’র ও বেশি অপরাধী মৃত্যুদণ্ডের সাজা কার্যকরের তালিকায় রয়েছে। ১৯৯৫ সালে টোকিওর পাতালপথে গ্যাস হামলার মূলপরিকল্পক শোকো আসাহারার মত অপরাধীও এদের মধ্যে রয়েছেন।
মানবতাবাদীরা বলছেন জাপানের মৃত্যুদণ্ড কার্যকরের পন্থা খুবই কঠোর। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এ শাস্তি বিলুপ্তির কথা বলে আসছে।
বিবিসি’র প্রতিবেদক রোল্যান্ড বার্ক এর প্রতিবেদন অনুযায়ী অনেক অপরাধীদেরই দশক ধরে আটকে রোখা হয় এবং এমনকি তাদের জানানোও হয় না যে, কবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ফলে প্রতিটি দিনই তারা মৃত্যু ভীতি নিয়ে কাটায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এএমটি/১৮৪০ ঘ.
bdnews24