বুদাপেস্ট, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থিসিসের বড় একটি অংশ নকল করার অভিযোগে ডক্টরেট ডিগ্রি কেড়ে নেওয়ার পর ক্ষমতা ছাড়ার চাপ তৈরি হয়েছে হাঙ্গেরির প্রেসিডেন্ট পল স্মিটের ওপর।
মঙ্গলবার বুদাপেস্টের সিমেলুয়েস বিশ্ববিদ্যালয় স্মিটের ডক্টরেট ডিগ্রি কেড়ে নেয়।
গত জানুয়ারি মাসে থিসিস নকলের বিষয়ে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর ঘটনাটি তদন্তের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়। পরে তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেলে স্মিটের ডিগ্রি কেড়ে নেওয়া হয়।
হাঙ্গেরির প্রেসিডেন্ট পদটি অনেকটা আনুষ্ঠানিক পদ হলেও প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা রয়েছে। এই ক্ষমতাবলে পার্লামেন্টের যে কোনো সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা রাখেন তিনি। আর পার্লামেন্টের সিদ্ধান্ত আইনে পরিণত হওয়ার জন্যও প্রেসিডেন্টের অনুমোদন লাগে।
প্রেসিডেন্টের ডক্টরেট ডিগ্রি কেড়ে নেওয়ায় দেশটির রক্ষণশীল প্রধানমন্ত্রী ভিক্টর ওরবার্নও বেকায়দায় পড়েছেন। ২০১০ সালে পার্লামেন্টের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার আগে স্মিটকে সবচেয়ে যোগ্য প্রার্থী বলে জাহির করেছিলেন ওরবার্ন।
থিসিস কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকে পদত্যাগের জন্য বিরোধীদলগুলোর দাবি আগ্রাহ্য করে আসছেন প্রেসিডেন্ট স্মিট। এসব অভিযোগ অস্বীকার করে পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেছেন তিনি।
তবে শুধু বিরোধীদলগুলোই নয়, হাঙ্গেরির গণমাধ্যমগুলো এবং ক্ষমতাসীন রক্ষণশীল দলের সমর্থক প্রভাবশালী একটি বুদ্ধিজীবী গোষ্ঠীও তার পদত্যাগ দাবি করেছে।
তারা বলছে, রাষ্ট্রীয় প্রধানের পদে এমন ব্যক্তির থাকা উচিত যিনি দেশে ও দেশের বাইরে সর্বজন শ্রদ্ধেয় হবেন। প্রেসিডেন্ট হিসেবে তার অবস্থান দেশের সর্বোচ্চ সম্মানিত একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
এক সংবাদ সংস্থার অনলাইন জরিপে অংশগ্রহণকারী ৩৫ হাজার হাঙ্গেরীয়র মধ্যে ৯০ শতাংশ তার পদত্যাগ দাবি করেছে।
পল স্মিট সাম্যবাদ উত্তর হাঙ্গেরির সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩০৮ ঘ.
bdnews24