ওয়াশিংটন, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাবেক তালেবান নেতাদের ওপর নিয়ন্ত্রণ কমানোর ইঙ্গিত দিয়েছে ওবামা প্রশাসন। আফগান শান্তি আলোচনা শুরু করতে যেসব নেতাদের কাতারের কাছে হস্তান্তর করা হতে পারে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে বলে মার্কিন কর্মকর্তারা জানান।
এই হস্তান্তর প্রক্রিয়া যুক্তরাষ্ট্র ও আফগান জঙ্গিদের মধ্যে করা চুক্তির অংশ।
মার্কিন কর্মকর্তারা আরো বলেন, কিউবার গুয়ানতানামো বে কারাগারে আটক পাঁচ তালেবান বন্দিকে কাতারের কাছে হস্তান্তরের ইচ্ছাও প্রকাশ করেছে ওবামা প্রশাসন। তবে এক্ষেত্রে শর্ত হলো, এরা যে কাতার ছেড়ে পালিয়ে যাবেনা তার নিশ্চয়তা দিতে হবে কাতারের সরকারকে।
তালেবান নেতাদের ভ্রমণের ওপর কাতার নিষেধাজ্ঞা আরোপ করলে যুক্তরাষ্ট্র তা মেনে নেবে উল্লেখ করে কারাবন্দি, গৃহবন্দি বা নিরাপত্তা বাহিনীর অব্যাহত নজরদারিতে রাখার মতো কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিতও দিয়েছে মার্কিন প্রশাসন।
কর্মকর্তারা জানান, মার্কিন সন্ত্রাসবিরোধী লক্ষ্যগুলো যথাযথভাবে পূরণ করা হচ্ছে- এমনটা বোঝা গেলেই কেবল এসব বন্দিদের ওপর থাকা কঠোর নিষেধাজ্ঞা শিথিল করা হবে।
এক মার্কিন কর্মকর্তা বলেন, “বন্দিরা যাতে আবারো লড়াইয়ে ফেরত আসার পথ খুঁজে না পায় সেটাই হলো মূল লক্ষ্য।”
এদিকে এক মার্কিন কর্মকর্তা জানান, তালেবান বন্দিদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপে কাতার রাজি হয় নি। এছাড়া গুয়ান্তানামো থেকে কাতারে পাঠানো বন্দিদের ওপর শর্ত আরোপের বিরোধিতা করেছে তালেবানরা।
মার্কিন কর্মকর্তারা জানান, কূটনৈতিক এসব জটিলতার কারণে ওয়াশিংটন ও কাতার এবং যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যকার আলোচনায় সাময়িক অচলাবস্থার সৃষ্টি হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২২৪ ঘ.
bdnews24