মাদ্রিদ, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নুতনভাবে ব্যাপক বাজেট কাটছাঁট পরিকল্পনার প্রতিবাদে স্পেনের শ্রমজীবী ইউনিয়নগুলো বৃহস্পতিবার সাধারণ ধর্মঘটে নেমেছে।
শুক্রবার প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়য়ের বাজেট কাটছাঁটের নতুন পরিকল্পনা ঘোষণা করার কথা। তার আগেই শুরু হয়েছে এ ধর্মঘট।
ঘাটতি মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া লক্ষ্য পূরণে প্রধানমন্ত্রী রাজয়ের মধ্যডানপন্থী সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। সাধারণ স্পেনীয়রাও সরকারের এই প্রচেষ্টার সমর্থনে লক্ষ্যণীয় ধৈর্য্য দেখিয়েছে।
কিন্তু চারবছর ধরে দেশে নি¤œমাত্রার অর্থনৈতিক প্রবৃদ্ধি জনগণকে প্রায় প্রান্তীয় অবস্থায় ঠেলে দিয়েছে। ফলে বেশিদিন ধৈর্য্য ধরে রাখা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
কৃচ্ছতার নতুন পরিকল্পনার নিয়ে জনগণের ধৈর্য্য কোন পর্যায়ে আছে তা পরীক্ষার জন্যই এ ধর্মঘট ডাকা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বৃহস্পতিবার একদিনের ধর্মঘটে প্রায় ৩০ শতাংশ শ্রমজীবী অংশগ্রহণের আভাস পাওয়া গেছে জরিপে।
ইউনিয়নের পরিবহন শাখা সীমিত আকারে পরিবহন সেবা চালু রাখতে রাজি হয়েছে। এতে প্রতি চারটি সাধারণ পরিবহন বাসের মধ্যে একটি এবং পাতাল ট্রেন ও সাধারণ ট্রেনের মধ্যে এক তৃতীয়াংশ চালু থাকবে বলে ধারণা করা হচ্ছে।
আর অভ্যন্তরীণ বিমানের ১০ শতাংশ এবং ইউরোপীয় বিমানের ২০ শতাংশ সেবা চালু থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭০৮ঘ.
bdnews24