২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাস্ত্রোর সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রকে দুষলেন পোপ

কিউবা সফরের শেষ দিন বুধবার ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে বৈঠক করেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। একইসঙ্গে কিউবার ওপর থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 07:00 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

হাভানা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিউবা সফরের শেষ দিন বুধবার ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে বৈঠক করেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। একইসঙ্গে কিউবার ওপর থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া ওই একই দিন হাভানার বিপ্লব চত্বরে এক গণপ্রার্থণায় ভাষণ দেন পোপ। এতে প্রায় ৩ লাখ লোক অংশ নিয়েছে বলে ভ্যাটিকান সিটি থেকে বলা হয়েছে। দুই দিনব্যাপী এ সফরে সাম্যবাদী কিউবাকে পরিবর্তনেরও আহ্বান জানিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট (৮৪)। হাভানা বিমানবন্দরে বিদায়ী অনুষ্ঠানে পোপ বলেন, “কিউবা উদার দৃষ্টির, নতুন একটি সমাজ গড়ে তুলতে পারে। তবে অর্থনীতির ওপর বাধা ও বাইরের দেশগুলোর নিষেধাজ্ঞা থাকলে বিষয়টি কঠিন হয়ে পড়ে। আর বিষয়টি অনৈতিকভাবে জনগণের ওপর বোঝা হয়ে যায়।” তিনি আরো বলেন, “এই মুহূর্তে জরুরিভাবে ব্যক্তিগত, জাতীয় ও আন্তর্জাতিক সহাবস্থান জরুরি। আমরা নিশ্চল ও একপক্ষীয় দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করি।” এর আগে মঙ্গলবার কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সঙ্গে বৈঠক করেন পোপ। সোমবার কিউবার উত্তরাঞ্চলে সান্তিয়াগো থেকে দুইদিনের কিউবা সফর শুরু করেন তিনি। কিউবার ইতিহাসে এটি দ্বিতীয় কোনো পোপের সফর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২৫৫ ঘ.