২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাউলের সঙ্গে পোপের বৈঠক

কিউবায় সফররত পোপ ষোড়শ বেনেডিক্টের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 07:56 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

হাভানা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-কিউবায় সফররত পোপ ষোড়শ বেনেডিক্টের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো। পোপের এ সফরের ফলে সাম্যবাদী কিউবায় রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের আশা জাগিয়ে তুললেও হাভানায় কোনো রাজনৈতিক সংস্কার হচ্ছে না বলে জানিয়েছেন একজন জাতীয় নেতা। রাউল ক্যাস্ত্রো ও পোপের মধ্যে ঘণ্টাব্যাপী ওই বৈঠকের আগে ও পরে বিপ্লব প্রাসাদে তাদের দুজনকে একসঙ্গে দেখিয়েছে কিউবার টেলিভিশন। তারা গণমাধ্যমের সামনে কোনো কথা বলেননি। তবে ধারণা করা হচ্ছে বৈঠকে তারা কিউবা সরকার ও রোমান ক্যাথলিক গির্জার মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে কিউবায় গির্জার গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আকাঙ্খা বিষয়েও আলোচনা হয়েছে। ভ্যাটিকান সিটির এক মুখপাত্র জানান, কিউবা বিপ্লবের নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রো এ বৈঠকে ছিলেন না। এছাড়া তিনি পোপের সঙ্গে সাক্ষাৎ করেছেন অথবা করেননি বলেও তিনি জানান। কিউবার ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো পোপ দেশটি সফর করলেন। সোমবার পূর্বাঞ্চলের শহর সান্তিয়াগোতে পৌঁছান পোপ ষোড়শ বেনেডিক্ট। বুধবার কিউবা থেকে রোমের উদ্দেশ্যে রওযানা হওয়ার আগে রাজধানী হাভানার বিপ্লব চত্বরে পোপের এক গণ প্রার্থনায় অংশ নেওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৫২ ঘ.