২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান ইস্যুর কূটনৈতিক সমাধান এখনো সম্ভব: ওবামা

পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের অচলাবস্থা এখনও কূটনীতিকভাবে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে এ সমাধানের পথ বন্ধ হয়ে আসছে বলেও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 11:02 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

সিউল, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের অচলাবস্থা এখনও কূটনীতিকভাবে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে এ সমাধানের পথ বন্ধ হয়ে আসছে বলেও জানান তিনি। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পরমাণু নিরাপত্তা বিষয়ক সম্মেলনের আগে রোববার তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনার পর ইরানের পরমাণু কর্মসূচিতে এ নিয়ে ফের নিজের অবস্থান জানালেন ওবামা। সাংবাদিকদের তিনি বলেন, “কূটনৈতিকভাবে পরমাণু কর্মসূচির বিষয়টি সমাধান করার সময় এখনো আছে বলে আমি বিশ্বাস করি। তবে সে জানালাও বন্ধ হয়ে আসছে।” ইরান বরারবরই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালানোর দাবি করে আসছে। কিন্তু ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের ধারণা, পরমাণু বোমা তৈরিই ইরানের এ কর্মসূচির লক্ষ্য। আর এমন হলে তা আঞ্চলিক শক্তি ভারসাম্যে পরিবর্তন আনবে বলেও তাদের ধারণা। ওদিকে, ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে নিষেধাজ্ঞা ও কূটনীতিতে কাজ হওয়ার সময় দেয়ার জন্য সামরিক হামলার পরিকল্পনার লাগাম টেনে ধরতে ইসরায়েলকে চাপে রেখেছেন ওবামা। তবে সমস্যা সমাধানের সব শান্তিপূর্ণ চেষ্টা ব্যর্থ হলে সামরিক হামলাকেই উপায় হিসেবে হাতে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, চলতি মাসেই ইরান সফরে যাবেন বলে ওবামাকে জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী। সে সময় সিরিয়ার সহিংসতা বিষয়ে ইরানি নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি। সিউলের পরমাণু সম্মেলনের অতিথি ও আলোচিত বিষয়ের তালিকায় ইরান ও উত্তর কোরিয়ার নাম না থাকলেও সম্মেলনে পার্শ্ব বৈঠকে এ দুদেশের পরমাণু কর্মসূচি আলোচিত হচ্ছে। উত্তর কোরিয়া ইস্যুতে কোনোরকম উস্কানির কড়া জবাব দেওয়ার ব্যাপারে রোববার একমত প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মায়ুং বাক এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৫৯ঘ.