২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবায় সাম্যবাদ ব্যর্থ হয়েছে: পোপ

কিউবাতে সাম্যবাদ ব্যর্থ হয়েছে মন্তব্য করে দেশটিতে নতুন অর্থনৈতিক মডেল তৈরিতে গির্জার সহায়তা গ্রহণের প্রস্তাব দিয়েছেন ষোড়শ পোপ বেনেডিক্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2012, 07:30 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

লিও, মেক্সিকো, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিউবাতে সাম্যবাদ ব্যর্থ হয়েছে মন্তব্য করে দেশটিতে নতুন অর্থনৈতিক মডেল তৈরিতে গির্জার সহায়তা গ্রহণের প্রস্তাব দিয়েছেন ষোড়শ পোপ বেনেডিক্ট। শুক্রবার রোম থেকে মেক্সিকো ও কিউবাতে ছয়দিনের সফরে যাওয়ার সময় বিমানে বসে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের পোপ বলেন, “যেভাবে মার্কসবাদের জন্ম হয়েছিলো বাস্তবতার সঙ্গে যে তার আর কোনো মিল নেই সেটা আজ স্পষ্ট হয়েছে।” কিউবা সফর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এভাবে আমরা একটা সমাজ গঠন করতে পারি না। ধৈর্য্য সহকারে ও গঠনমূলকভাবে অবশ্যই নতুন মডেল খুঁজে বের করতে হবে।” বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, গত দুই বছরে কিউবায় ভিন্নমতাবলম্বীদের ওপর হয়রানি ও তাদেরকে আটকের ঘটনা বেড়েছে। কিউবার মানবাধিকার রক্ষা করা উচিত কিনা জানতে চাইলে পোপ বলেন, “এটা স্পষ্ট যে গির্জা সবসময়ই স্বাধীনতার পাশে, ন্যায়বিচারের পাশে, ধর্মীয় স্বাধীনতার পাশে রয়েছে এবং আমরা এ দিকে খেয়াল রেখেই কাজ করি।” পোপ বেনেডিক্টের (৮৪) এ ধরনের মন্তব্যে সাম্যবাদবিরোধী গির্জার ইতিহাসই প্রতিফলিত হয়েছে। আর তা ১৪ বছর আগে তার পূর্বসূরি দ্বিতীয় জন পলের কিউবা সফরের সময় করা মন্তব্যের চেয়ে আরো বেশি জোড়ালো। পোপের করা এসব মন্তব্য সম্পর্কে জানতে চাইলে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্র“নো রড্রিগুয়েজ বলেন, “আমরা সব ধরনের মতামতকে শ্রদ্ধা করি। মত বিনিময়কে উপকারী বলে মনে করি আমরা।” দেশের দীর্ঘদিনের ইতিহাসের উন্নয়নে জনগণ দৃঢ় প্রত্যয়ী বলেও জানান তিনি। কিউবার পরিস্থিতির বিষয়ে ক্যাথলিক চার্চ ও বিশেষ করে ষোড়শ পোপ বেনেডিক্টের সদিচ্ছার প্রশংসা করেছেন ইন্ডিপেন্ডেন্ট কিউবান কমিশন অন হিউম্যান রাইটসের প্রধান এলিজারডো সানশেজ। তবে দেশটিতে প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়ে সন্দেহও প্রকাশ করেন তিনি। সানশেজ বলেন, “কিউবায় প্রয়োজনীয় রাজনৈতিক পরিবর্তন করতে সরকারের ইচ্ছার অভাব রয়েছে।” তিনদিনের সফরে সোমবার কিউবায় যাবেন পোপ। এ সফরে তিনি ফিদেল কাস্ত্রোর সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা তা এখনো জানা যায়নি। তবে ভ্যাটিক্যান জানিয়েছে, কাস্ত্রো চাইলে পোপ তার সঙ্গে দেখা করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩২৪ ঘ.