২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়া সঙ্কট বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে’

সিরিয়ার সঙ্কট অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে এবং তা বিশ্বের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

আম্মান, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সঙ্কট অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে এবং তা বিশ্বের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বুধবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দেওয়া এক ভাষণে বান এ আশঙ্কা প্রকাশ করেন। সিরিয়ার বিদ্রোহী বাহিনীর সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক লড়াই শুরুর পর রাজধানী দামেস্কের দুইটি এলাকা ট্যাংকের ব্যাপক গোলাবর্ষণে বিধ্বস্ত হলে শঙ্কিত হয়ে পড়েন বান কি মুন। “আমরা জানি না কিভাবে সমস্যার এ জট খুলবে। কিন্তু এটি আমাদের জানা উচিত এই অত্যন্ত গভীর ও বিপজ্জনক সঙ্কট সমাধানে আমাদের সবারই দায়িত্ব রয়েছে।,” বলেন মুন। সিরিয়ার এ সঙ্কট মধ্যপ্রাচ্য ও বিশ্বের জন্য মারাত্মক প্রতিক্রিয়া বয়ে আনবে বলে হুঁশিয়ার করেন তিনি। প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী স¤প্রতি কয়েক সপ্তাহে দেশজুড়ে বিদ্রোহীদের বিরুদ্ধে হামলায় অগ্রগতি অর্জন করলেও সহিংসতা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বুধবার কয়েকটি জায়গায় সামরিক হামলার খবর পাওয়া গেছে। দামেস্কের হাসরাতা এবং ইরবিন শহরতলীতে সরকারি বাহিনী ট্যাংক, গোলা এবং বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছেন বিরোধী আন্দোলনকর্মীরা। তারা আরো জানিয়েছে, বুধবার প্রেসিডেন্ট আসাদ অনুগত সরকারী বাহিনীর ওপর বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির সদস্যদের হামলার জবাবে দামেস্কের দুটি শহরতলীতে ট্যাংক থেকে ব্যাপক গোলাবর্ষণ করে সরকারী বাহিনী। হারাস্তা ও ইরবিন নামের ওই দুই এলাকায় বিমান বিধ্বংসী কামান ও ব্যাপক গোলন্দাজ হামলার পাশপাশি শহরের পূর্ব এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টার টহলও লক্ষ্য করা গেছে। দামেস্কের এ দুইটি এলাকা এক মাস আগে বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করে নিয়েছিল সরকারি সেনারা। জাতিসংঘ জানিয়েছে, গত এক বছর ধরে চলা সিরিয়ার এ আন্দোলন-সহিংসতায় ৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। কিন্তু নিহতের এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত মঙ্গলবারও অন্তত ৩১ জন পুরুষ, নারী ও শিশু নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে লন্ডন ভিত্তিক সিরিয়ান মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান আবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮১৫ঘ.