তুলজ, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদার সঙ্গে জড়িত দাবিকারী এক ব্যক্তির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ফরাসি পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। কয়েকঘন্টার ঘেরাও অভিযানে এ বন্দুকযুদ্ধের পর পুলিশের কাছে ধরা দিতে রাজি হয়েছে সন্দেহভাজন ওই আল কায়দা জঙ্গি।
আল কায়েদার নামে এই জঙ্গিই ফ্রান্সের তুলজ শহরে একটি ইহুদি স্কুলে ৩ শিশুসহ চারজনকে হত্যা করেছে এবং দক্ষিপশ্চিম ফ্রান্সে নিহত তিন ফরাসি সেনাও তার হাতে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার তুলজে প্রায় ৩শ পুলিশ একটি অ্যাপার্টমেন্টে ঘেরাও অভিযান চালায়। সেখানেই ঘিরে ফেলা হয় ২৪ বছর বয়সী এ জঙ্গিকে। অভিযান চালাতে গিয়ে আহত হয় তিন পুলিশ কর্মকর্তা।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্লদ গ্যয়া বলেছেন, “সন্দেভাজন ওই বন্দুকধারী অন্য দেশে মোতায়েন ফরাসি সেনাদের ভূমিকার প্রতিশোধ নিচ্ছে বলে দাবি করেছে। সে আলজেরিয় বংশোদ্ভুত ফ্রান্সের নাগরিক। বেশ কয়েকবার সে আফগানিস্তান এবং পাকিস্তানেও গিয়েছিল।”
“নিজেকে মুজাহিদিন পরিচয় দেওয়া ওই ব্যক্তি নিজেকে আল কায়েদার সদস্য বলে দাবি করেছেন,” তুলজের ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের একথা জানান গ্যয়া।
তিনি বলেন, “নিহত ফিলিস্তিনি শিশুদের হত্যার প্রতিশোধ নিতে চায় সে, এছাড়াও সে অন্য দেশে ফরাসি বাহিনীর আগ্রাসনেরও প্রতিশোধ নিতে চায়।”
তুলজের ওজার হাট্যোরা ইহুদি স্কুল থেকে কয়েক কিলোমিটার দূরে একটি আবাসিক এলাকায় লুকিয়ে আছে সন্দেহভাজন এ আল কায়েদার জঙ্গি। ব্যাপক অস্ত্র-সজ্জিত গুলিরোধী পোশাক ও হেলমেট পরা পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।
পুলিশ ওই অস্ত্রধারীর ভাইয়ের সঙ্গে কথা বলেছে বলেও গ্যয়া জানান। তার ভাই ফ্রান্সের নাগরিক।
হামলার সময় বন্দুকধারী হেলমেটে মুখ ঢেকে একটি স্কুটার চালিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং একটি কোল্ট ৪৫ রিভলভার ব্যবহার করে হামলা চলায়।
ইহুদি স্কুলে এ হত্যাকান্ডে জড়িত আরেকজনকে বুধবার সকালে অন্য আরেকটি জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের সূত্রগুলো জানিয়েছে।
সমঝোতায় মধ্যস্থতা করার জন্য ওই সন্দেভাজনের মাকেও অভিযান স্থলে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন গ্যয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৫৫ঘ.
bdnews24