বৈরুত, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামেস্কে নিরাপত্তা বাহিনীর দু’টি দপ্তরে শনিবার দু’টি গাড়িবোমার বিস্ফোরণে কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ২৭ জন নিহত হয়েছেন। এতে আরো ৯৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
বিস্ফোরণস্থল থেকে ওঠা ধোঁয়া দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন দামেস্কের বাসিন্দারা।
বিস্ফোরণটিকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে রাষ্ট্রীয় টেলিভিশন। প্রাথমিক তদন্তে দু’টি বিস্ফোরণকেই গাড়িবোমা বিস্ফোরণ বলে নিশ্চিত করা হয়েছে।
প্রথম বিস্ফোরণটি সিরিয়ার গোয়েন্দা দপ্তরের প্রাঙ্গণে ও দ্বিতীয় বিস্ফোরণটি নিরাপত্তা পুলিশের ভবন লক্ষ করে চালানো হয় বলে জানানো হয়েছে।
এর আগে গত ডিসেম্বর ও জানুয়ারিতে দামেস্কে আরো তিনটি বোমা বিস্ফোরণে কয়েক ডজন মানুষ নিহত হয়েছিল।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে চলা আন্দোলন ও বিদ্রোহের এক বছর পূর্তির মাত্র দুইদিনের মধ্যেই গাড়িবোমা হামলা দু’টি চালানো হলো।
গত এক বছর ধরে চলমান এ আন্দোলন ও বিদ্রোহে সিরিয়াজুড়ে ৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৭১২ ঘ.
bdnews24