২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া সীমান্তে বাফার জোন গড়বে তুরস্ক

সিরিয়া থেকে দলে দলে পালানো শরণার্থীর সুরক্ষায় সীমান্ত অঞ্চলে একটি বাফার জোন গড়ার কথা ভাবা হচ্ছে বলে শুক্রবার জানিয়েছে তুরস্ক। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 02:54 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

আঙ্কারা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়া থেকে দলে দলে পালানো শরণার্থীর সুরক্ষায় সীমান্ত অঞ্চলে একটি বাফার জোন গড়ার কথা ভাবা হচ্ছে বলে শুক্রবার জানিয়েছে তুরস্ক। সিরিয়ায় আসাদ বিরোধী বিক্ষোভ এক বছর পেরিয়ে গেলেও সরকারি বাহিনীর দমনপীড়ন থামেনি। রাজধানী দামেস্কের অন্তত ৩ টি শহরতলীতে বিক্ষোভকারীদের সঙ্গে লড়ছে সরকারি বাহিনী। অন্যান্য শহর ও নগরীতেও লড়াইয়ের খবর পাওয়া গেছে। লড়াই থেকে বাঁচতে দলে দলে পালাচ্ছে সিরিয়রা। নিরাপত্তা উদ্বেগের কারণে তুরস্কও তার নাগরিকদের সিরিয়া ছাড়তে বলেছে। এ পরিস্থিতিতে সিরিয়া সীমান্ত বরাবর একটি বাফার জোন গড়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান। তুরস্কের নাগরিকরা দেশে ফিরলে আঙ্কারা সিরিয়া থেকে তার রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিতে পারে। আঙ্কারায় তিনি সাংবাদিকদের বলেন, বাফার জোন, নিরাপত্তা জোনের মতো কোনো কিছুর ব্যবস্থা করার কথা ভেবে দেখা হচ্ছে। তবে অন্য কিছু করা যায় কিনা তাও ভেবে দেখা হচ্ছে বলে জানান তিনি। কেবলমাত্র একটি দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখাটা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি। গত ৪৮ ঘণ্টায় সিরিয়ার উত্তরাঞ্চল থেকে তুরস্কে পালিয়ে গেছে প্রায় ১ হাজার ২৫০ শরণার্থী। ওই অঞ্চলে আগের দিন সিরিয়া সেনাবাহিনীর হামলায় ৪৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরী ফর হিউম্যান রাইটস। সিরিয়ায় কোনোরকম সামরিক হস্তক্ষেপের বিষয়টি নিয়ে আঙ্কারা উদ্বিগ্ন। আর বড় ধরনের গৃহযুদ্ধ সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়তে পারে বলেও উদ্বিগ্ন তুরস্ক। কিন্তু বিশ্লেষকরা বলছেন, বাফার জোন গড়তে হলে সশস্ত্র সুরক্ষা ব্যবস্থার প্রয়োজন পড়বে। ১৯৯০ সালের শুরুর দিকে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাক সীমান্ত বরাবর এ ধরনের একটি জোন স্থাপন করেছিলো তুরস্ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/২০৫১ঘ.