বেলজিয়াম, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সুইজারল্যান্ডে বাস দুর্ঘটনায় ২২ শিশুসহ ২৮ জন নিহতের ঘটনায় জাতীয় শোকদিবস পালন করছে বেলজিয়াম।
নিহতদের স্মরণে স্থানীয় সময় সকাল ১১ টায় (১০:০০ জিএমটি) এক মিনিট নীরবতা পালন করা হয়। অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। দেশজুড়ে বাজানো হয় গির্জার ঘন্টাধ্বনি।
মৃতদেহ নিয়ে বেলজিয়ামের মেলসব্রোয়েক সামরিক বিমানবন্দরে অবতরণ করেছে দুটো বিমান। সুইজারল্যান্ডে এক স্মরণানুষ্ঠানের পর বেলজিয়ামে রওনা হয় দুটি সি১৩০ বিমান।
হতাহতদের অভিভাবক ও আত্মীয়স্বজনরা অনেকেই এর আগে সুইজারল্যান্ডে যান সন্তানদের লাশ সনাক্ত করতে।
শিশুদের বহনকারী ওই বাসটিতে থাকা যাত্রীদের বেশিরভাগই ছিলো বেলজিয়ামের। এছাড়া কিছু ডাচও ছিল বলে জানিয়েছে সুইস কর্মকর্তারা। ছুটির দিনে স্কিইং করে তারা বেলজিয়ামে ফিরছিল।
মঙ্গলবার রাতে বাসটি একটি সুড়ঙ্গে প্রবেশ করে পার্শ্ববর্তী দেয়ালে সজোরে ধাক্কা খেলে দুর্ঘটনার শিকার হয়।
ব্রাসেলসে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, নিহত শিশুদের অধিকাংশেরই বয়স ১২ বছরের আশেপাশে।
দুর্ঘটনায় ২২ শিশু ও ৬ জন প্রাপ্তবয়স্ক মানুষ নিহত হয়। নিহত ২১ শিশুই বেলজিয়ামের আর ৭ জন ডাচ। দুর্ঘটনায় আহত আরো ২৪ শিশুকে হাসপাতালে রাখা হয়েছে। এদের তিনজনের অবস্থা গুরুতর। তবে অন্যান্যরা আশঙ্কামুক্ত।
প্রযুক্তিগত ত্র“টি নাকি চালকের ভুলের কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে সুইজারল্যান্ড।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী এলিও ডি রুপো গোটা বেলজিয়ামের জন্যই এ দুর্ঘটনা মর্মান্তিক বলে মন্তব্য করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৭১৪ ঘ.
bdnews24