২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরিয়ে নেয়া হলো ঘাতক মার্কিন সেনাকে

নারী ও শিশুসহ ১৬ আফগান বেসামরিক নাগরিককে হত্যার দায়ে অভিযুক্ত মার্কিন সেনাকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 06:08 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

কাবুল, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নারী ও শিশুসহ ১৬ আফগান বেসামরিক নাগরিককে হত্যার দায়ে অভিযুক্ত মার্কিন সেনাকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অভিযুক্ত ওই সেনা বুধবার কুয়েতের উদ্দেশ্যে আফগানিস্তান ত্যাগ করে বলে মার্কিন কর্মকর্তাদের সূত্রে জানা গেছে। বিবিসিও এ খবর নিশ্চিত করেছে। এখন অন্য কোন দেশে মার্কিন সেনাবাহিনীর অভিযুক্ত এই স্টাফ সার্জেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছে ওই সূত্র। বুধবার আকস্মিক সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী লিওন প্যানেট্টা আফগানিস্তান আসার একই সময়ে গণহত্যার দায়ে অভিযুক্ত ওই সেনাকে সরিয়ে নেওয়া হলো। গত রোববার ভোরে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহারে অভিযুক্ত ওই সেনা (নাম প্রকাশ করা হয়নি) সেনাঘাঁটি থেকে বের হয়ে নিকটবর্তী গ্রামের কয়েকটি বাড়িতে প্রবেশ করে নারী ও শিশুসহ ১৬ জনকে কাছ থেকে গুলি করে হত্যা করে। নিহতদের তাদের নিজেদের বাড়িতেই গুলি করে মারা হয়। এ ঘটনা আফগানিস্তানজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। ওই সেনাকে বুধবার সন্ধ্যা পর্যন্ত কান্দাহারের সেনাঘাঁটিতেই আটক রাখা হয়েছিল বলে জানা গেছে। এরপরই তাকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়। “তাকে বৈধ সুপারিশের ভিত্তিতেই সরিয়ে নেওয়া হয়েছে” বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জন কিরবি। অভিযুক্তকে আফগানিস্তানে আটক রাখার মতো উপযুক্ত কোনো বন্দিশালা নেই বলে জানান ক্যাপ্টেন কিরবি। অভিযুক্ত ওই সেনাকে কুয়েতে নেওয়া হয়েছে বলে বিবিসিকে নিশ্চিত করেন অন্য এক ন্যাটো কর্মকর্তা। অভিযুক্তের বিচার আফগানিস্তানের মাটিতেই করার দাবি জানিয়েছিল দেশটির পার্লামেন্ট সদস্যরা। কিন্তু বিবিসির ওয়াশিংটন প্রতিনিধি পল অ্যাডামস জানান, “এটি কখনোই হওয়ার নয়, যুক্তরাষ্ট্র আগে থেকেই বলে আসছে তাদের কোন সেনার অন্যায়ের বিচার আমেরিকার সামরিক আইনের ভিত্তিতেই হবে।” অভিযুক্ত ওই সেনা নিজেকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টার হাতে সঁপে দিয়েছেন বলে জানিয়েছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা। তবে প্যানেট্টা বলেছেন, অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত সেনার মৃত্যুদণ্ডও হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২০০ ঘ.