ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমকামী বিয়ের নিন্দা জানিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। ‘শক্তিশালী রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রবাহ বিয়ের আইনি ব্যাখ্যা পরিবর্তনের চেষ্টা করছে’ বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।
সফররত মার্কিন বিশপদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পোপ এসব কথা বলেন বলে বিবিসি জানায়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও মেরিল্যান্ডে সমকামী বিবাহকে আইনগত স্বীকৃতি দেওয়া হয়েছে। আরো পাঁচটি রাজ্যে এটি কার্যকরের চেষ্টা চলছে।
বিবাহপূর্ব শারীরিক সম্পর্ককে ‘গুরুতর পাপ’ ও তা ‘সমাজের স্থিতিশীলতাকে নষ্ট’ করছে বলে গির্জাগুলোতে প্রচারণা চালানোর জন্য বিশপদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিয়ের সংজ্ঞা হিসেবে লিঙ্গ বৈষম্যকে অপ্রাসঙ্গিক হিসেবে প্রত্যাখ্যান করা যাবে না।”
পোপ বলেন, জনগণের কাছে বিশেষ করে যুবকদের কাছে তার দৃষ্টিভঙ্গি ‘সংস্কৃতি বিরুদ্ধ’ মনে হতে পারে। তবে ঐতিহ্যগত বিবাহ পদ্ধতি নিশ্চিত করতে যতটুকু করা সম্ভব তা করা উচিত বিশপদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪০০ ঘ.
bdnews24