জেরুজালেম, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরু ব্যাপারে ছয় পরাশক্তির পরিকল্পনাকে সতর্কতার সঙ্গে স্বাগত জানিয়েছে ইসরায়েল।
বুধবার ইসরায়েল রেডিওকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ইয়কোভ এমিড্রোর বলেন, “তারা পুনরায় আলোচনা শুরুর উদ্যোগ নেওয়ায় আমি খুবই খুশি।”
তিনি আরো বলেন, “এ আলোচনার মাধ্যমে ইরান যদি সামরিক পরমাণু কর্মসূচি পরিহার করে তাহলে আমাদের চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। আর প্রধানমন্ত্রী নিজ মুখে সেই কথা জানিয়েছেন।”
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করার পর মঙ্গলবার পুনরায় আলোচনা শুরুর ঘোষণা আসে।
ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে জোরে শোরেই সামরিক হামলার কথা বলে আসছে ইসরায়েল। তবে নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় ইরানের সঙ্গে যুদ্ধের দামামা থেকে বের হয়ে কূটনৈতিকভাবে সমাধানের প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইরানের পরমাণু আলোচনা প্রস্তাব বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন জানান, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ওপর শ্রদ্ধা রেখেই পরাশক্তির দেশগুলো বিশেষ করে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালানোর নিশ্চয়তা চায় তেহরানের কাছ থেকে।
তবে আলোচনা কবে এবং কোথায় হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৫০ ঘ.
bdnews24