পাডের ডিস্ট্রিক, উগান্ডা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উগান্ডায় রহস্যজনক রোগে আক্রান্ত হয়েছে তিন হাজারেও বেশি শিশু। অর্ধশতক আগে ধরা পড়লেও আজও অজানা রয়ে গেছে রোগটির কারণ।
‘নোডিং সিনড্রোম’ নামের এ রোগটির কারণে শারীরিক ও মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে শিশুরা। আর আক্রান্ত হয় ৫ বছর থেকে ১৫ বছর বয়সী শিশুরা।
উগান্ডার মাইকেল ওডোংকারা প্রায় প্রতিদিন সকালেই তার ১২ বছর বয়সী মেয়ে ন্যান্সি লামওয়াকাকে বাইরে নিয়ে একটি আম গাছের সঙ্গে বেঁধে রাখেন।
এ কাজটি মাইকেল ইচ্ছে করে করেন এমন নয়। অজানা ওই রোগের কারণে মানসিক ভারসাম্য হারিয়েছে মেয়েটি। এরপর থেকে সে কথাও বলে না এবং প্রায়ই বাড়ি ছেড়ে চলে যায়। একবার ঝোপের মধ্যে হারিয়ে গেলে তিনদির পর খুঁজে পাওয়া যায়।
এ বিষয়ে মাইকেল বলেন, “নিজের মেয়েকে গাছের সঙ্গে বেঁধে রাখতে খুবই কষ্ট হয়। আমি তার জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়েই কাজটি করি। আমি তাকে হারাতে চাই না। এছাড়া আগুনে পুড়ে বা জলে ডুবে মরে যাক বা জঙ্গলে হারিয়ে যাক আমি তাও চাই না।
‘নোডিং সিনড্রোম’ নামের একটি শারীরিক ও মানসিক ব্যাধিতে ভুগছে ন্যান্সি। রোগের উৎপত্তি ও প্রতিকার এখনও অজানা।
তবে এ রোগটিতে উগান্ডার তিন হাজারেও বেশি শিশু ভুগছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এছাড়া রোগটিতে ৫ বছর থেকে ১৫ বছর বয়সী শিশুরাই আক্রান্ত হয়ে থাকে। গত তিন বছরে উগান্ডায় প্রায় দুইশ’ শিশু এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
অজানা এ রোগটিতে উগান্ডা ছাড়াও দক্ষিণ সুদানের হাজার হাজার শিশু ভুগছে।
১৯৬২ সালে তাঞ্জানিয়ায় রহস্যজনক এ রোগটি প্রথম শনাক্ত করা হয়। এরপর অর্ধ শতক পেরিয়ে গেলেও গবেষকরা আজও এ সম্পর্কে কিছু জানেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২০ঘ.
bdnews24