বেনগাজি, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার পূর্বাঞ্চলের নাগরিক সমাজের নেতারা মঙ্গলবার আধা-স্বায়ত্বশাসনের দাবি জানিয়েছে।
পূর্র্বাঞ্চলীয় বেনগাজি শহরের কাছে শ’ শ’ মানুষের এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
এ পদক্ষেপের সমর্থক নেতারা বলেন, কয়েক দশক ধরে এলাকাটি অবহেলিত।
এলাকাটি সাইরেনাইকা নামে পরিচিত এবং লিবিয়ার বেশির ভাগ তেলের মজুদ ওই এলাকায়।
কিন্তু লিবিয়া ভেঙে যাওয়ার আশঙ্কায় ফেডেরালিজমের বিরোধী ক্ষমতাসীন ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল।
বেনগাজির শহরতলীতে স্বায়ত্বশসনের ইস্যু নিয়ে মতবিনিময় সভায় যোগ দেওয়া আলোচকরা নেচে-গেয়ে উল্লাস করছে বলে জানিয়েছে বিবিসি।
এক বিবৃতিতে আদিবাসী ও রাজনৈতিক নেতারা বলেছেন, “এ অঞ্চল স্বায়ত্বশাসন চায়”। সাইরেনাইকা অঞ্চলটি মধ্যাঞ্চলীয় উপকূলীয় শহর সির্তে থেকে পূর্বে লিবিয়া-মিশর সীমান্ত পর্যন্ত বিস্তৃত।
নেতারা এনটিসি’র সদস্য এবং কর্নেল মুয়াম্মার গাদ্দাফির আমলে সবচেয়ে বেশিদিন রাজবন্দি হিসেবে কারাভোগ করা আহমেদ আল-জুবাইরকে পরিচালনা পরিষদের নেতা নির্বাচিত করেছেন।
জুবাইর ওই এলাকার অধিকার রক্ষার প্রতিশ্র“তি দিয়েছেন এবং বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে পরিষদ এনটিসির সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন।
তিনি আরো বলেন, এ দাবির ব্যাপারে স্থানীয় সেনাসহ রাজনৈতিক ও আদিবাসী নেতাদের সমর্থন আছে।
বিবিসি জানিয়েছে, যদিও তাদের দাবির কোন বৈধতা নেই, এরপরও ত্রিপোলির অন্তর্বতী সরকারের কাছে এ ঘোষণা ভাবনার কারণ হয়ে দাঁড়াবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২৩৫০ঘ.
bdnews24