কুন্দুজ, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি গ্রামজুড়ে তুষারধসে মঙ্গলবার অন্তত ৩৭ জনের প্রাণহানি হয়েছে। তুষারের নিচে চাপা পড়ে আছে আরো শ’শ’ মানুষ।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাদাখশান প্রদেশের উত্তরে তাজিকিস্তান সীমান্তবর্তী প্রত্যন্ত ওই গ্রামে দুর্গতদের উদ্ধার করতে সেনাবাহিনীর হেলিকপ্টার পঠানো হয়েছে।
৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ শীত যাচ্ছে আফগানিস্তানে। বাদাখশান প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আব্দুল মারুফ রসিক বলেছেন, তুষারধসে গ্রামটিতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। গ্রামের অধিবাসীর সংখ্যা প্রায় ৩শ।
রসিক বলেন, পুরো গ্রামই তুষারধসে ঢাকা পড়েছে। ফলে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা আছে।
ইতোমধ্যে ৩৭ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর শামস ইউআই রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৮ঘ.
bdnews24