২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় ২ ব্রিটিশ সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

ইরানের প্রেস টিভির দুই ব্রিটিশ সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনেছে লিবিয়ার আধা সামরিক বাহিনীর প্রধান। ওই দুই সাংবাদিক বর্তমানে আটক রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 05:21 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ত্রিপোলি, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের প্রেস টিভির দুই ব্রিটিশ সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনেছে লিবিয়ার আধা সামরিক বাহিনীর প্রধান। ওই দুই সাংবাদিক বর্তমানে আটক রয়েছেন। রোববার লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে এক সংবাদ সম্মেলনে আধা সামরিক বাহিনীর প্রধান ও সুহেলি ব্রিগেডের কামান্ডার ফারাজ আল সুহেলি বলেন, আটক দুই সাংবাদিকের কাছে বেশ কিছু জিনিসপত্র পাওয়া গেছে। এর মধ্যে লিবিয়ার সরকারি কাগজপত্র, ইসরায়েলের সেনা বাহিনীর ব্যবহৃত যন্ত্রপাতি ও তারা গুলি চালাচ্ছে- এমন সব ছবি রয়েছে। ফারাজ বলেন, “আমরা তাদেরকে গুপ্তচর মনে করছি।” তবে কোন দেশের জন্য তারা কাজ করছিলো- এত তাড়াতাড়ি জানানো না গেলেও তদন্তের পর তা নিশ্চিত করা যাবে বলেও জানান তিনি। আধা সামরিক বাহিনীর প্রধান বলেন, “তদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে অভিযুক্তদের নিজ দেশে হস্তান্তর করা হবে।” গত ২২ ফেব্র“য়ারি মিসরাতা থেকে নিকোলাস ডেভিস ও গারে মন্টেগোমারি জনসন নামের এ দুই সাংবাদিককে আটক করা হয়। এখন তারা ত্রিপোলির সুহেলি ব্রিগেডের অধীনে রয়েছেন। কমান্ডার জানান, আটক দুই সাংবাদিকের পাসপোর্টে লিবিয়ার ভিসা ছিলো না। সংবাদ সম্মেলনে তিনি ওই দুই সাংবাদিকের কাছে থাকা ধূসর রংয়ের প্লাস্টিকের একটি প্যাকেট দেখান যাতে ‘মেড ইন ইসরায়েল’ লেখা পোশাক ছিলো। ইসরায়েলের সেনাবাহিনী এগুলো ব্যবহার করে বলে জানান তিনি। ফারাজ বলেন, “এ দুই ব্যক্তির কাছে গত বছর বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নিহত ত্রিপোলির আধা সামরিক বাহিনীর সদস্য ও গাদ্দাফির পক্ষে কাজ করা সাব সাহারার সশস্ত্র বাহিনীর নামের তালিকাও ছিলো।” পাশাপাশি এই দুই সাংবাদিক বন্দুক দিয়ে গুলি করছে এমন ছবিও সংবাদ সম্মেলনে দেখান তিনি। সুহেলি জানান, আটককৃতদের সঙ্গে ভালো আচরণ করা হচ্ছে এবং ব্রিটিশ কনসুলার কর্মকর্তা ও নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা তাদের সঙ্গে সাক্ষাত করেছেন। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়লের এক মুখপাত্র বলেন, “লিবিয়াতে দুই ব্রিটিশ নাগরিকের আটকের খবর পেয়েছি আমরা। আমরা তাদেরকে সহায়তা প্রদান করছি।” আটক দুই সাংবাদিকের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি প্রেস টিভি। তেহরানভিত্তিক প্রেস টিভি সারা বিশ্বে ইংরেজিতে অনুষ্ঠান প্রচার করে। এরা প্রায়ই ইংরেজিভাষী সাংবাদিকদের নিয়োগ দিয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১০৪ ঘ.