ইন্ডিয়ানাপেলিস, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা, কেন্টাকি ও ওহিওতে টর্নেডোর প্রবল তাণ্ডবে অন্তত ২৭ জন নিহত হয়েছেন।
টর্নেডোর আঘাতে একটি কারাগারসহ ঘরবাড়ি ও যানবাহনের মারাত্মক ক্ষতি হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় ওহিও থেকে অ্যালবামা পর্যন্ত অঙ্গরাজ্যগুলোর ওপর দিয়ে এ টর্নেডো বয়ে যায়।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগের আবহাওয়াবিজ্ঞানী ক্রিস ডারডেন জানান, “ওই এলাকার ওপর দিয়ে দুটি টর্নেডো বয়ে যায়, ঝড় দুটি প্রায় ঘেষাঘেষি দূরত্বে থেকে বয়ে যায়। এর মধ্যে একটি টর্নেডোর বাতাসের বেগ ছিলো ১৯০ কিলোমিটার।”
এ টর্নোডোটির আঘাতেই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
সরকারিভাবে জানানো হয়, নিহত ২৭ জনের মধ্যে ১৩ জন দক্ষিণ ইন্ডিয়ানায়, ১২ জন পার্শ্ববর্তী কেন্টাকিতে ও অপর দুইজন ওহিওতে নিহত হয়।
এছাড়া ইন্ডিয়ানার হেনরিভিলে অপর একজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এদের সবাই ঘরবাড়ি চাপা পড়ে বা গাড়িতে চলার সময় ঝড়ের কবলে পড়ে নিহত হন।
শুক্রবার সকাল থেকেই ওই অঞ্চলে ঝড়ের পূর্বাভাষ জারি করা হয়। ঝড় শুরু হওয়ার আগেই স্কুল, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
গত সপ্তাহের প্রথমদিকে অপর একটি টর্নোডোর আঘাতে ক্যানসাস, মিসৌরি, ইলিনয়েস ও টেনেসিতে ১৩ জন নিহত হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএমটি/১৭২২ ঘ.
bdnews24