বরা, পাকিস্তান, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-উত্তরপশ্চিম পাকিস্তানের বরা এলাকায় পর্বতশীর্ষের সেনা অবস্থানে জঙ্গি হামলায় সৃষ্ট সংঘর্ষে ৩৩ জন নিহত হওয়ার পাশাপাশি দুটো জঙ্গি আস্তানায় বিমান হামলায় ১৫ জন নিহত হয়েছে।
খাইবারের বরা এলাকায় সংঘর্ষে নিহতদের মধ্যে ১০ জন সেনা সদস্য ও ২৩ জন জঙ্গি।
অন্যদিকে, একই অঞ্চলের দক্ষিণে ওরাকজাই এলাকায় পাকিস্তানি জঙ্গি বিমান হামলায় নিহত ১৫ জনই জঙ্গি বলে জানিয়েছে নিরাপত্তা কর্মকর্তারা। এ হামলায় আরো ১২ জন আহত হয়েছে বলেও জানায় তারা। তবে হতাহতের এ সংখ্যা নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।
আফগানিস্তান সীমান্তের কাছে খাইবারের বরা এলাকার তিরাহ উপত্যাকায় শুক্রবারের সংঘর্ষে ৩৩ জন নিহত হয় বলে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানি এক নিরাপত্তা কর্মকর্তা জানান, “স¤প্রতি স্থাপিত তিনটি নিরাপত্তা চৌকিতে কয়েক ডজন জঙ্গি হামলা করলে মারাত্মক লড়াই শুরু হয়।”
এক সময় তেহরিক-ই-তালেবান নামে পরিচিত খাইবার এলাকায় তৎপর পাকিস্তান তালেবান হামলা চালায়।
পাকিস্তানের সাতটি পশতুন আদিবাসী এলাকার মধ্যে খাইবার একটি। আফগান সীমান্তের এই এলাকাগুলোতে পাকিস্তান রাষ্ট্রের কর্তৃত্ব কখনো প্রতিষ্ঠিত হয়নি। রাষ্ট্রিয় কর্তৃত্বের দুর্বলতার সুযোগে জঙ্গিরা এলাকাটিকে তাদের অভয়ারণ্য বানিয়েছে।
১ লাখেরও বেশি পাকিস্তানি সেনা মোতায়েন থাকার পরও এলাকাগুলোতে রাষ্ট্রের প্রভাব নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০০৫ঘ.
bdnews24