বৈরুত, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টানা ২৬ দিনের অবরোধের পর শুক্রবার সিরিয়ার বিধ্বস্ত হোমস শহরে পৌঁছেছে আন্তর্জাতিক রেডক্রস সদস্যদের ত্রাণবহর। বাবা আমর এলাকায় সরবরাহ করা হবে এই ত্রাণ।
রেডক্রস এবং সিরিয়ার রেডক্রিসেন্ট মিলে ৭ লরি ত্রাণবহরের ব্যবস্থা করেছে। লড়াইবিক্ষুব্ধ অঞ্চল থেকে আহতদের উদ্ধারেরও পরিকল্পনা রয়েছে তাদের।
টানা ২৬ দিনের হামলার মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী ফ্রি সিরিয়ান আর্মির সদস্যরা হোমস শহরের ঘাঁটি ছেড়ে চলে যাওয়ার পর আন্তর্জাতিক রেডক্রস সদস্যদের সেখানে ত্রাণ তৎপরতা শুরুর অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।
সিরিয়ার রেডক্রিসেন্ট ত্রাণকার্যক্রম পরিচালক খালেদ আর্কসুসি এএফপি বার্তা সংস্থাকে বলেছেন, ত্রাণবহরে খাবার, ওষুধ, কম্বল, শিশুদের জন্য দুধ ও অন্যান্য সাজ সরঞ্জাম পাঠানো হয়েছে।
হোমসে প্রচণ্ড তুষারপাত হয়েছে। ওদিকে, দামেস্ক থেকে ত্রাণবহরও এগিয়েছে ধীরগতিতে। এই ত্রাণবহর বাবা আমর এ অগ্রসর হওয়ার সময় এর সঙ্গে যোগ দেবে রেডক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবকদল এবং অ্যাম্বুলেন্স।
ত্রাণবহর বাবা অমরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রেডক্রিসেন্ট। তবে ত্রাণকাজের খুঁটিনাটি এখনো চূড়ান্ত হয়নি।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, বিদ্রোহী বাহিনীর যে সদস্যরা অন্যদের পালিয়ে যেতে সাহায্য করার জন্য এখনো বাবা আমর জেলায় অবস্থান করছেন, তাদের খুঁজে বেরে করে হত্যা করতে শুরু করেছে আসাদের অনুগত বাহিনী। তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করা যায়নি এ তথ্য।
আসাদ সরকারের একজন কর্মকর্তা বলেছেন, সরকারি বহিনী বিদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। সিরিয়া যে ‘পশ্চিমা সমর্থনপুষ্ট’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জয়ী হয়েছে- শহর ছেড়ে বিদ্রোহীদের পলায়নই তার প্রমাণ।
ওদিকে আন্তর্জাতিক রেডক্রসও জানিয়েছে, আহতদের সরিয়ে নেওয়া এবং জরুরি ত্রাণ ও চিকিৎসা সেবা দেওয়ার জন্য অবরুদ্ধ বাবা আমর শহরে ঢোকার অনুমতি পেয়েছে তারা। শুক্রবারই রেডক্রস সদস্যরা এ শহরে ঢুকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, অন্তত ১৭ জন বিদ্রোহীর লাশ পড়ে থাকতে দেখা গেছে বাবা আমরের বিভিন্ন অংশে। বিদ্রোহীদের অধিকাংশই সরে গেলেও মাঝে মধ্যেই গুলির শব্দ পাওয়া যাচ্ছে।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, গত বছরের মার্চ মাসে শুরু হওয়া আসাদবিরোধী আন্দোলন দমন করতে দেশটির সরকারি বাহিনী সাড়ে ৭ হাজারেরও বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে।
অন্যদিকে সিরিয়া সরকারের দাবি, ‘সশস্ত্র সন্ত্রাসীরা’ এই সময়ে ২ হাজারেরও বেশি সৈন্য ও পুলিশকে হত্যা করেছে।
দামেস্কর ঘনিষ্ঠ এক লেবানিজ কর্মকর্তা বলেছেন, হোমসে বিদ্রোহীদের পরাজয় ঘটায় সিরিয়ায় তাদের আর কোনো শক্ত ঘাঁটি থাকলো না। ফলে আসাদের জন্য সংকট সামাল দেওয়া সহজ হয়ে গেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/জেকে/১৭৪২ ঘ.
bdnews24