২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার হোমসে স্থল হামলা শুরু

সিরিয়ার হোমসে বিদ্রোহী নিয়ন্ত্রিত বাবা আমরো পুনর্দখলের জন্য বুধবার স্থল হামলা শুরু করেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 12:51 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

আম্মান, ফেব্র“য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার হোমসে বিদ্রোহী নিয়ন্ত্রিত বাবা আমরো পুনর্দখলের জন্য বুধবার স্থল হামলা শুরু করেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী। হোমস শহরে গত ২৫ দিন ধরে অবরুদ্ধ করে রেখে গোলা হামলা চালিয়ে আসছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার রাতভর হোমসে গোলাবর্ষণের পর এখন সেখানে স্থল হামলা শুরু হয়েছে জানিয়ে আসাদ বিরোধী এক আন্দোলন কর্মী মোহাম্মদ আল-হোমসি রয়টার্সকে বলেন, “সেনাবাহিনী পদাতিক বাহিনী নিয়ে আল-বাসেল ফুটবল মাঠের দিক থেকে এগুনোর চেষ্টা করছে এবং স্বয়ংক্রিয় রাইফেল ও ভারী অস্ত্রশস্ত্রসহ ব্যাপক লড়াই চলছে সেখানে।” তিনি আরো জানান, স্থল হামলা শুরুর আগে মঙ্গলবার সেনারা বাবা আমরোতে গোলা ছোড়ে। বাবা আমরো তে বেশ কয়েকজন পশ্চিমা সাংবাদিকও আটকা পড়েছেন। যদিও ব্রিটিশ ফটোগ্রাফার পল কনরয়কে নিরাপদে লেবাননে পৌঁছে দিয়েছে সিরীয় কর্মীরা। তবে হোমসে বিদেশি গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ থাকায় সেখানকার খবর তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না। এ শহরে গত কয়েকটিদেন শতাধিক মানুষ নিহত হয়েছে। মঙ্গলবারই অন্তত ২০ জন নিহত হওয়ার কথা জানায় বিরোধী পক্ষ। চলতি বছর ৪ ফেব্র“য়ারি থেকে বাবা আমরোতে রকেট ও গোলা হামলা চলছে। বাইরে বের হলেই নিশানাবিদরা বেসামরিক নাগরিকদের গুলি করছে। ওই অঞ্চল থেকে আহতদের উদ্ধার করা এবং আটকা পড়াদের জরুরি খাদ্য ও ওষুধ সরবরাহ করতে যুদ্ধবিরতির জন্য চাপ দিয়ে আসছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি ও সংস্থাটির আরব অংশীদার সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট। জাতিসংঘ জানিয়েছে, গত বছর মার্চে সিরিয়ায় আসাদ বিরোধী আন্দোলনের শুরু থেকে এ পর্যন্ত সেনাবাহিনী সাড়ে সাত হাজারেও বেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছে। ওদিকে, সিরিয়ায় মানবিক সহায়তা পাঠানোর আন্তর্জাতিক উদ্যোগকে সমর্থন জানিয়েছে চীন। সিরিয়ায় মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দিয়ে একটি প্রস্তাবনা পাশের জন্য জাতিসংঘকে প্রস্তাব দিয়েছে পশ্চিমা শক্তিধর দেশগুলো। প্রস্তাবনাটিতে সমর্থন দিয়ে চীন হারানো কূটনৈতিক প্লাটফর্ম ফিরে পাওয়ার চেষ্টা করছে বলেই ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮২৮ঘ.