২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় হামলা চলছে, যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের

সিরিয়ার হোমস, হামায় বিরোধী অবস্থানগুলোতে সরকারি বাহিনীর গোলা হামলা চলছে। মঙ্গলবারের হামলায় নিহত হয়েছে অন্তত ২৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 03:12 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

আম্মান, ফেব্র“য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার হোমস, হামায় বিরোধী অবস্থানগুলোতে সরকারি বাহিনীর গোলা হামলা চলছে। মঙ্গলবারের হামলায় নিহত হয়েছে অন্তত ২৫ জন। মানুষের দুর্ভোগ লাঘবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বৈঠকে এ আহ্বান জানানো হয়। ওদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদও সিরিয়ায় রক্তক্ষয় বন্ধে নতুন উদ্যোগ নিতে শুরু করেছে। সিরিয়ায় সহিংসতার বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাবনা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে ফ্রান্স। সিরিয়ার লড়াই বিক্ষুব্ধ হোমস ও অন্যান্য শহরে আটকে পড়া মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার বিষয়টিও উল্লেখ থাকছে এ প্রস্তাবনায়। সিরিয়ার হামা প্রদেশে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু হেলফায়া শহরে বোমা হামলা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবারের হামলায় ২০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে আন্দোলনকর্মীরা। গত দু’সপ্তাহে প্রদেশটিতে এ নিয়ে অন্তত ১শ জন নিহত হল। তবে নিহতের সংখ্যা নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি। হামার পাশাপাশি হোমসেও চলছে বোমা হামলা। মঙ্গলবার হোমসের বাবা আমরো এলাকায় বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। এর আগের দিন সেখানে নিহত হয় ৮৪ জন। তবে হোমসে আটকে পড়া আহত দুই বিদেশি সাংবাদিক ইতোমধ্যেই নিরাপদে লেবানন পৌঁছছেন বলে বিরোধী আন্দোলনকর্মীরা জানিয়েছে। ফরাসি সাংবাদিক এদিথ বোভিয়ের ও ব্রিটিশ চিত্রগ্রাহক পল কনরয় নিরাপদে লেবানন পৌঁছছেন বলে কূটনীতিকরা নিশ্চিত করেছেন। গত সপ্তাহে বাবা আমরোতে আহত হন এ দুই সাংবাদিক। তবে তারা কিভাবে সিরিয়া থেকে বের হলেন তা পরিস্কার জানা যায়নি। বিরোধী শিবির জানায়, হোমসে সোমবার রাতে ভাই মেহেরের নেতৃত্বে উন্নত অস্ত্রসজ্জিত একটি সেনাদল পাঠিয়েছেন আসাদ। বাবা আমরো এলাকার কাছ দিয়ে যাওয়া ট্যাংকগুলোর গায়ে ‘ফোর্থ ডিভিশন মনস্টারস’ লেখা ছিল। বাবা আমরো ও অন্যান্য শহরে সরকারি বাহিনীর অভিযানে শ শ মানুষ হতাহত হচ্ছে। প্রয়োজনীয় খাবার, পানি ও ওষুধের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে সেখানকার আতঙ্কিত অধিবাসীরা। আসাদ বাহিনীর এ তাণ্ডবের তীব্র সমালোচনা করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালে জুপে। তিনি বলেন, “আসাদ সরকার বর্বরতার সব সীমা ছাড়িয়ে যাচ্ছে।” ওদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বার্নার্ড ভালেরো বলেছেন, “জরুরি এ পরিস্থিতিতে এখন জাতিসংঘ পরিষদের সব সদস্যেরই একযোগে এ বর্বরতা রুখে দাঁড়ানোর সময়।” সিরিয়া বিষয়ক নতুন প্রস্তাবনায় রাশিয়া এবং চীন আর ভেটো দেবে না বলেই তিনি আশা প্রকাশ করেন। একমাস আগে সিরিয়ায় রক্তক্ষয় বন্ধ করা এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান সম্বলিত জাতিসংঘ প্রস্তাবনায় ভেটো দিয়েছিল চীন ও রাশিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০৫০ঘ.