২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে হামলার পরিণতি হবে বিপর্যয়কর: পুতিন

পরমাণূ কর্মসূচি নিয়ে বিরোধে ইরানে সামরিক হামলার হুমকি বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিন। পশ্চিমাদের সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, ইরানে হামলার পরিণতি ‘সত্যিই বিপর্যয়কর’ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 12:10 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

মস্কো, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণূ কর্মসূচি নিয়ে বিরোধে ইরানে সামরিক হামলার হুমকি বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিন। পশ্চিমাদের সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, ইরানে হামলার পরিণতি ‘সত্যিই বিপর্যয়কর’ হবে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সন্দিহান পশ্চিমা বিশ্ব দেশটিকে নিষেধাজ্ঞা দিয়ে বশে আনা না গেলে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা নাকচ করেনি। ওদিকে, ইসরায়েল ইতোমধ্যেই ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে আগবাড়িয়ে হামলা চালানোর হুমকি দিয়েছে। এ ব্যাপারে পুতিন বলেন, ইরানে সামরিক হামলার এ ক্রমবর্ধমান হুমকিতে রাশিয়া উদ্বিগ্ন। এমনটি ঘটলে পরিণতি ‘সত্যিকার অর্থেই বিপর্যয়কর’ হবে। প্রকৃত অবস্থাটা কি দাঁড়াবে তা কল্পনা করাও অসম্ভব বলে তিনি মন্তব্য করেন। পুতিন এও বলেন, ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে উঠে পড়ে লাগা বিশ্বের শক্তিধর দেশগুলোর উচিত দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারকে স্বীকৃতি দেওয়া। সোমবার রাশিয়ার মস্কোভস্কি নভোস্তি পত্রিকায় প্রকাশিত পররাষ্ট্রনীতি নিয়ে লেখা এক প্রবন্ধে পুতিন তার মত প্রকাশ করে এ সতর্কবার্তা দেন । ইরানের পাশাপাশি সিরিয়ায়ও কোনো সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে পশ্চিমা ও আরবদেশগুলোকে সতর্ক করেছেন তিনি। এছাড়া, রাশিয়া ও প্রতিবেশীদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের জন্য তিনি ওয়াশিংটনকে অভিযুক্ত করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে প্রকাশিত এ প্রবন্ধে কঠোর মনোভাব প্রকাশ করলেন পুতিন। আগামী ৪ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স¤প্রতিএক জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট নির্বাচনে অনায়াসে জয় পাবেন পুতিন। রাশিয়ার ক্ষমতায় পুতিনের ১২ বছরের মেয়াদকালে তার বিরুদ্ধে কিছুদিন আগে সবচেয়ে বড় বিক্ষোভ হয়। এতে ধারণা করা হয়েছিলো, প্রেসিডেন্ট নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন পুতিন। কিন্তু প্রকাশিত জরিপের ফলে তার কোনো আভাস পাওয়া যায়নি। পুতিন বলেছেন, বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অভিযানে বিশ্বের স্থিতিশীলতা বাড়েনি বরং আরো ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমতি ছাড়া ইরান কিংবা সিরিয়ার মতো সার্বভৌম কোনো দেশে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান পরিচালনা করবে না- এমন আশা প্রকাশ করেন পুতিন। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এমন কোনো কিছু ঘটলে তা প্রতিরোধ করবে রাশিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৫৮ঘ.