মস্কো, ফেব্র“য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-রাশিয়ার প্রধানমন্ত্রী ভ¬াদিমির পুতিনকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়ার দাবি করেছে রুশ ও ইউক্রেনের নিরাপত্তা বাহিনী।
চলতি বছর ৪ মার্চ প্রেসিডেন্ট নির্বাচনের পর পুতিনকে হত্যার পরিকল্পনা করা হচ্ছিল বলে রাশিয়ার সরকারপন্থি টেলিভিশন চ্যানেল ওয়ান সোমবার এক প্রতিবেদনে জানায়।
তবে ওই প্রতিবেদনে নামসহ কোনো নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দেওয়া হয়নি।
চ্যানেল ওয়ানের প্রতিবেদনে বলা হয়, কৃষ্ণসাগর বন্দর ওডেসা থেকে ইউক্রেনের বিশেষ বাহিনী দুইজনকে গ্রেপ্তার করেছে। ওডেসার একটি ভাড়া অ্যাপার্টমেন্টে বিস্ফোরণে একজন নিহত হওয়ার পর ওই দুইজনকে আটক করা হয়।
প্রতিবেদনটিতে আরো বলা হয়, রাশিয়ার নর্থ ককেশাস অঞ্চলে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাওয়া একটি গোষ্ঠির হয়ে ষড়যন্ত্রকারীরা কাজ করে আসছে। তারা পুতিনকে হত্যার উদ্দেশ্যে মস্কো যাওয়ার পরিকল্পনা করছিল।
চলতি বছর ৪ মার্চ অনুষ্ঠেয় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে।
টেলিভিশন চ্যানেলটির ওই প্রতিবেদনে কথিত এক ষড়যন্ত্রকারীকে উদ্ধৃত করে বলা হয়, “মস্কো গিয়ে পুতিনকে হত্যার চেষ্টা করাই ছিল আমাদের চূড়ান্ত লক্ষ্য। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের পর পর্যন্ত হত্যার সময়সীমা নির্ধারিত ছিল।”
ইন্টারফ্যাক্স জানায়, রুশ প্রধানমন্ত্রীর মুখপাত্র দিমিত্রি পেসকোভ এ ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। রয়টার্সের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৩৮ঘ.
bdnews24