জোহানেসবার্গ, ফেব্র“য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের জীবন্ত কিংবদন্তী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা রোববার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা।
চিকিৎসকদের কাছ থেকে শরিরীক অবস্থা সার্বিকভাবে ভালো থাকার নিশ্চয়তা পাওয়ার পরই তিনি ছাড়া পেলেন।
একটি বিবৃতিতে বলা হয়েছে, তার শারিরীক পরীক্ষা-নীরিক্ষায় মারাত্মক খারাপ কোনো কিছু ধরা পড়েনি। ফলে ডাক্তররা তাকে হাসপাতাল থেকে বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জুমার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
গাড়িবহরে করে প্রিটোরিয়ার ‘ওয়ান মিলিটারি’ হাসপাতাল ছেড়েছেন ম্যান্ডেলা। এর মধ্য দিয়ে ৯৩ বছর বয়স্ক ম্যান্ডেলার শারিরীক অবস্থা নিয়ে দেশবাসীর ২৪ ঘণ্টার উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ঘটলো।
এর আগের খবরে দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা জানিয়েছিলেন, ম্যান্ডেলার লাপারোস্কোপি করা হলেও তিনি ভাল আছেন।
শনিবার পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ম্যান্ডেলা (৯৩)। তার হাসপাতালে ভর্তি হওয়ার পর দক্ষিণ আফ্রিকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আতঙ্কিত দক্ষিণ আফ্রিকাবাসীকে আশ্বস্ত করে রোববার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ম্যান্ডেলাকে দু’একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে বলে জানান।
নেলসন ম্যান্ডেলার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষামন্ত্রী লিন্ডুই সিসুলু বলেছেন, দক্ষিণ আফ্রিকার সাবেক এ প্রেসিডেন্টের ল্যাপারোস্কোপি বা ছোট একটি ক্যামেরা প্রবেশ করিয়ে পেটের ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। তবে তার হার্নিয়ার অস্ত্রোপচারের গুজব নাকচ করেছেন তিনি।
কেপ টাউনে এক ব্রিফিংয়ে সিসুলু বলেন, “গণমাধ্যমে যেমনটি প্রচার পেয়েছে তেমন কোনো অস্ত্রোপচার করা হয়নি। এ বয়সে যতটুকু ভাল ও সবল থাকা যায়, তিনি সেরকমই আছেন।”
দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ এ প্রেসিডেন্ট কোন হাসাপাতালে ভর্তি হয়েছিলেন তা প্রাথমিকভাবে জানানো হয়নি। তবে প্রিটোরিয়া ওয়ান মিলিটারি হাসপাতালের আশপাশে সাংবাদিকদের ভিড়তে দেওয়া হচ্ছিলো না। দক্ষিণ আফ্রিকার সাবেক ও বর্তমান প্রেসিডেন্টদের চিকিৎসা এ হাসপাতালটিতেই হয়ে থাকে।
প্রেসিডেন্ট জুমা এক বিবৃতিতে জানান, ম্যান্ডেলার সমস্যা বার্ধক্যজনিত বলেই চিকিৎসকদের ধারণা।
“হাসপাতালে ভর্তির আগে তিনি সুস্থ ছিলেন। তবে তার শারীরিক অবস্থার সার্বিক পরীক্ষা-নিরীক্ষা করতে চেয়েছিলেন তারা।”
“তিনি কোনো ঝুঁকিতে না থাকায় আমরা খুশি এবং চিকিৎসকদের কঠোর পরিশ্রম ও পেশাগত দায়িত্ব পালনের জন্য তাদের ধন্যবাদ জানাই,”। বলেন জুমা।
আট বছর আগে রাজনীতি থেকে অবসর নেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের এ কিংবদন্তী। শেষবার ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে জনসম্মুখে হাজির হন তিনি।
১৯৯৩ সালে শান্তিতে নোবেল বিজয়ী এ রাজনীতিক দক্ষিণ আফ্রিকায় মাদিবা নামে পরিচিত। বর্ণবাদবিরোধী আন্দোলনের জন্য ২৭ বছর কারাবন্দি ছিলেন ম্যান্ডেলা। ১৯৯০ সালে তিনি মুক্তি পান।
মুক্তির পর ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন নেলসন ম্যান্ডেলা। তবে এক মেয়াদ শেষ হওয়ার পর ১৯৯৯ সালে ক্ষমতা থেকে সরে যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৪৭ঘ.
bdnews24