ব্রাসিলিয়া, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অ্যান্টার্কটিকায় ব্রাজিলের একটি গবেষণাকেন্দ্রে আগুন লেগে নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৪০ জনকে।
শনিবার এই অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিদগ্ধ নৌবাহিনীর অন্য এক সদস্যকেও উদ্ধার করা হয়েছে।
কমান্ডেন্ট ফেরাজ নামের ওই গবেষণাকেন্দ্রটির বৈদ্যুতিক জেনারেটর মেশিনের ভবন থেকে আগুনের সূত্রপাত হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ব্রাজিল নৌবাহিনী।
গবেষণাকেন্দ্রটি থেকে উদ্ধারপ্রাপ্তদের চিলির অ্যান্টার্কটিকা গবেষণাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
গবেষণা কেন্দ্র থাকা ৪০ জনকে ব্রাজিল বিমানবাহিনীর বিমানে দেশে ফিরিয়ে নেওয়া হয়।
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টারও প্রশংসাও করেন তিনি।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১১০৪ ঘ.
bdnews24