২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় পাওয়া গেল দুর্লভ গোলাপী হীরা

অস্ট্রেলিয়ার একটি খনিজ কোম্পানি ১২ দশমিক ৭৬ ক্যারাটের বিরল গোলাপী হীরা পাওয়ার দাবি করেছে। এই হীরাটি অস্ট্রেলিয়ায় পাওয়া গোলাপী হীরাগুলোর মধ্যে সবচেয়ে বড়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 05:11 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার একটি খনিজ কোম্পানি ১২ দশমিক ৭৬ ক্যারাটের বিরল গোলাপী হীরা পাওয়ার দাবি করেছে। এই হীরাটি অস্ট্রেলিয়ায় পাওয়া গোলাপী হীরাগুলোর মধ্যে সবচেয়ে বড়। পশ্চিম অস্ট্রেলিয়ার পূর্ব কিম্বার্লি এলাকার আরজাইল খনি থেকে হীরাটি পাওয়া গেছে বলে মঙ্গলবার খনিটির স্বত্ত্বাধিকারী কোম্পানি রিও টিন্টো’র বরাত দিয়ে বিবিসি জানায়। বিশ্বের ৯০ শতাংশ গোলাপী হীরা আরজাইল খনি থেকেই আসে বলে এক বিবৃতিতে জানিয়েছে রিও টিন্টো। হীরাটির নাম রাখা হয়েছে ‘আরজাইল পিঙ্ক জুবিলি’ (আরজাইল গোলাপি জয়ন্তী)। মঙ্গলবার অস্ট্রেলিয়ার পার্থ শহরে হীরাটি কাটা ও পালিশ করার কাজ শুরু হয়েছে। এতে দশদিন সময় লাগবে বলে জানিয়েছে কোম্পানি। কাটা ও পালিশ করা শেষে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল এর মান নির্ধারণ করবে। এর দাম কয়েক মিলিয়ান ডলার হবে বলে ধারণা করা হচ্ছে। মান নির্ধারণের পর হংকং, নিউ ইয়র্কসহ বিশ্বব্যাপী হীরাটি প্রদর্শন করা হবে। বছরের শেষে বিক্রির জন্য হীরাটি নিলামে তোলা হবে। ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ রাজ্যাভিষেকের সময় গোলাপী হীরা খচিত একটি ব্রোচ ব্যবহার করেন। পিঙ্ক জুবিলির রঙও উইলিয়ামসন পিঙ্ক নামের রাণীর ওই হীরাটির মতোই হালকা গোলাপী। উইলিয়ামসন পিঙ্ক হীরাটি আফ্রিকার তাঞ্জানিয়ায় পাওয়া গিয়েছিলো। বিয়ের উপহার হিসেবে এলিজাবেথ এটি পেয়েছিলেন। এ ধরনের একটি হীরা পেতে রিও টিন্টো কোম্পানির ২৬ বছর অপেক্ষা করতে হয়েছে বলে জানিয়েছেন কোম্পানিটির এক মুখপাত্র। ২০১০ সালে ‘নয়নাভিরাম গভীর গোলাপী রঙের একটি দুর্লভ ২৪ দশমিক ৭৮ ক্যারাটের হীরা কোনো অলঙ্কারের জন্য এ পর্যন্ত দেওয়া সর্বোচ্চ মূল্য ৪ কোটি ৬০ লাখ ডলারে বিক্রি হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১০০ ঘ.